২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দুকযুদ্ধ নয়, আরজু র‌্যাবের হত্যাকাণ্ডের শিকার: হাজারীবাগ আ. লীগ

কিশোরকে পিটিয়ে হত্যার আসামি ছাত্রলীগ নেতা মো. আরজু মিয়াকে র‌্যাব বন্দুকযুদ্ধের নামে হত্যা করেছে বলে দাবি করেছে হাজারীবাগ থানা আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 05:19 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার একদিন বাদে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।

মোবাইল চুরির অভিযোগ তুলে মোহাম্মদ রাজা নামে এক কিশোরকে সোমবার হাজারীবাগের গণকটুলী এলাকায় পিটিয়ে হত্যা করা হয়। ওই কিশোর আরজুর প্রতিবেশী।

আরজুই ওই কিশোরকে পিটিয়ে হত্যায় নেতৃত্ব দিয়েছিলেন অভিযোগ তুলে রাজার বোনের মামলার কয়েক ঘণ্টার মধ্যে হাজারীবাগের বড়ইখালী এলাকায় কথিত বন্দুকযুদ্ধে নিহত হন তিনি।

র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধের ঘটনাগুলোকে হত্যাকাণ্ড দাবি করে আসছিল বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো। এবার ক্ষমতাসীন দলের নেতাদের মধ্য থেকে একই অভিযোগ উঠল।

আরজুর পক্ষে সংবাদ সম্মেলনে হাজারীবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক হামিদ সাজু, থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াফেজ আহমেদ সামি উপস্থিত ছিলেন। ছিলেন আরজুর পরিবারের সদস্যরাও।

ঢাকার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরিকুল ইসলাম সজিব সংবাদ সম্মেলনের শেষ দিকে এলেও কোনো কথা বলেননি।

আওয়ামী লীগ নেতা সাদেক হামিদ ছাত্রলীগ নেতা আরজুর বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনাটিকে কল্পকাহিনী আখ্যায়িত করে এতে জড়িত র‌্যাবের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তিনি বলেন, “হাজারীবাগ এলাকা বিএনপির ঘাঁটি। গত নির্বাচনের পর এলাকায় উন্নয়নের ধারাবাহিকতায় একটি পক্ষ মোটা অংকের টাকার বিনিময়ে উদীয়মান ছাত্রনেতা আরজুকে হত্যা করেছে।”

রাজাকে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে মারা যায় বলে দাবি করেন ক্ষমতাসীন দলের স্থানীয় পর্যায়ের এই নেতা। তিনি বলেন, আরজুকে ‘হত্যার’ পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠেছে।

রাজার বোন রেশমা বেগমের দাবি, তার ভাইকে আটকের পর বেধড়ক পেটান আরজু। তিনি মাফ চেয়ে ছেড়ে দিতে বললেও দেননি। 

ছাত্রলীগ নেতা সামি বলেন, “রাজা এলাকার চিহ্নিত চোর ও মাদকসেবী। মাথায় রাজার যে ক্ষত ছিল, তা এক সপ্তাহ আগে হাজারীবাগের আরেক বাসায় চুরি করে ধরা খাওয়ার পর মার খাওয়ার চিহ্ন।”

“আপনারা (সাংবাদিক) যে লিখেন রাজা কিশোর ছিল। আমি বলব, রাজার ডিএনএ পরীক্ষা করুন। রাজার চেয়ে আরজু ছোট,” বলেন তিনি।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা কেন নেই- জানতে চাইলে থানা সাধারণ সম্পাদক সামি বলেন, “আমি নেতাদের সঙ্গে যোগাযোগ করেছি। সবাই আরজুর দাফনে পর যা বলার বলবে বলে আমাকে জানিয়েছে।”

সংবাদ সম্মেলনের আরজুর বড় ভাই মাসুদ রানা বলেন, “আমার ভাইকে সন্ত্রাসী বলবেন না। তার অপরাধ, সে বড় নেতা হওয়ার স্বপ্ন দেখত। সে সব সময় মানুষের সেবা করত।”

হত্যার অভিযোগ এনে র‌্যাবের বিরুদ্ধে মামলা করবেন কি না- জানতে চাইলে তিনি বলেন, “স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলাপ করে এ বিষয়ে বলতে পারব।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাত ভাইয়ের ছেলে ফজলে নূর তাপস ওই এলাকার সংসদ সদস্য।

আরজুর মৃত্যুর পর পরিবারে মধ্যে শঙ্কা তৈরি হয়েছে জানিয়ে মাসুদ রানা বলেন, “সকালে বাসা থেকে বের হওয়ার সময় আমার মা আমাকে বলেন, ‘তুই মামলা মোকাদ্দমায় যাবি না, আমার দুই ছেলে ছিল, এক ছেলেকে ক্রসফায়ার দিয়ে মেরেছে, সে (আরজু) ছিল থানার সভাপতি, আর তুই তো সাধারণ মানুষ, তোরে যে ক্রসফায়ার দিয়ে মারব না, তার কী গ্যারান্টি আছে’।”

গত কয়েকদিনে সরকার সমর্থক অন্তত তিনজন আইনশৃঙ্খলা বাহিনীর কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এর মধ্যে কুষ্টিয়ায় একজন এবং মাগুরায় একজন, দুজনই হত্যা মামলার আসামি ছিলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেই কথা বলেছেন।

পুরনো খবর:

অনেক কান্নায়ও মন গলেনি আরজুর
হাজারীবাগে কিশোর হত্যার আসামি আরজু ‘বন্দুকযুদ্ধে’ নিহত