অনেক কান্নায়ও মন গলেনি আরজুর
মোহাম্মদ রাজাকে পেটানোর সময় হাত-পা ধরে মাফ করতে অনুনয় জানিয়েছিলেন এই কিশোরের বোন রেশমা বেগম।
কিন্তু তাতে মন গলেনি ছাত্রলীগ নেতা মো. আরজু মিয়ার, যিনি ঘটনার ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
“এত বললাম, হাত-পা ধরলাম, কান্নাকাটি করলাম তবুও তোর (আরজু) মন গলল না, আজ কই গেল তোর এত গর্ব, কোথায় গেল তোর এত অহংকার,” প্রশ্নের সুরে বলেন নিহত রাজার ফুপু হাওয়া বেগম।
হাজারীবাগের গণকটুলীতে রাজা নামের ১৬ বছর বয়সী এই কিশোরকে মোবাইল ও ল্যাপটপ চুরির অভিযোগ তুলে ধরে নিয়ে পিটিয়েছিলেন থানা ছাত্রলীগের সভাপতি আরজু ও তার সঙ্গীরা।
সোমবার বিকালে রাজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের জন্য আরজুকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে রাতেই মামলা করেন রেশমা।
সিলেট, খুলনা, বরগুনায় নির্যাতন চালিয়ে শিশু হত্যার ঘটনা নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মধ্যে রাজধানীতে একই ধরনের ঘটনা ঘটলে তা নিয়েও শুরু হয় আলোচনা।
এর কয়েক ঘণ্টার মধ্যে মঙ্গলবার ভোররাতে হাজারীবাগের বেড়িবাঁধের বাড়ইখালী নামক স্থানে বন্দুকযুদ্ধে আরজু নিহত হন বলে র্যাব জানায়।
রাজার ফুপু হাওয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার আরজু মোবাইল চুরির অভিযোগ তুলে রাজাকে ধরে নেওয়ার পর প্রথমে রাজার খালাত ভাই শামীম গিয়েছিল আরজুর কাছে।
“আরজু কোনো পাত্তাই দিল না। পরে রাজার বোন রেশমা যায় আরজুর কাছে। অনেক কান্নাকাটি করেছে, আরজুর হাত-পা ধরেছে, কিন্তু তবুও ছাড়ল না রাজাকে।”
“কই তুই তো (আরজু) রাজার চেয়ে একদিন বেশিও বাঁচতে পারলি না,” বলেন হাওয়া।
হাসপাতালে রেশমা বেগমের কান্নার এই ছবি রাজার মৃত্যুর পর
রেশমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বাবা বাবুল মিয়া চোখের অস্ত্রোপচারের জন্য মিটফোর্ড হাসপাতালে ভর্তি আছেন।
“আরজুকে বাবার অসুস্থতার কথাও বলছিলাম। কিন্তু সে রাজাকে ছাড়ল হত্যার পর।”
রাজার বাবা বাবুল মিয়ার বাসা গণকটুলি এলাকায় ছাত্রলীগ নেতা আরজুর বাড়ির কাছেই। তবে রাজা বেশিরভাগ সময় কামরাঙ্গীরচরে বোন রেশমার সঙ্গে থাকতেন।
মঙ্গলবার বিকালে রাজাকে আজিমপুর করবস্থানে দাফন করা হয়েছে বলে তিনি জানান।
হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার মো. আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজা হত্যার মামলার আসামিদের তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এর মধ্যে সাগর আহম্মেদ সানি নামে একজন মঙ্গলবার ঢাকার আদালতে বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আদালত প্রতিবেদক জানান।
গ্রেপ্তার অন্য দুজন মনিরুজ্জামান ও সুমন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন ঢাকা মহানগর হাকিম শামছুল আরেফীন।
তার খাসকামরায় দেওয়া জবানবন্দিতে সানি কিশোর রাজাকে পেটানোর বর্ণনা দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মহিদুল ইসলাম জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার এসআই অলিভ মাহমুদ আসামি মনিরুজ্জামান ও সুমনকে ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেছিলেন।
দুই আসামির পক্ষে জামিন চাওয়া হলেও শুনানি শেষে তা নাকচ করে দেন বিচারক।
