উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাকে হত্যা
সিরাজগঞ্জের তাড়াশে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক তরুণীর মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাটরা গ্রামে এ ঘটনা ঘটে।
তাড়াশ থানার ওসি এটিএম আমিনুল ইসলাম জানান, নিহত খুশি বেগম (৪৫) ওই গ্রামের কামরুল ইসলামের স্ত্রী।
“এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ উত্ত্যক্তকারীর স্ত্রী নিরালা ও বোন মর্জিনাকে আটক করেছে।”
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ জানান, ভাটরা গ্রামের মৃত গঞ্জের আলীর প্রবাসী ছেলে হানিফ আলী দেশে ফিরে আসার পর থেকে একই গ্রামের একটি মেয়েকে (১৮) উত্যক্ত করা শুরু করে।
“এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশ-বিচার হলে হানিফকে সতর্কও করা হয়।”
সামাদ জানান, এর জেরে দুপুরে হানিফ আলীর উপস্থিতিতে তার স্ত্রী নিরালা ও বোন মর্জিনার সঙ্গে খুশি বেগমের ঝগড়া হয়।
“এক পর্যায়ে হানিফ, ছোট ভাই লতিফ, স্ত্রী নিরালা ও বোন মর্জিনা খুশি বেগমকে বেধড়ক পেটালে ঘটনাস্থলে খুশি বেগমের মৃত্যু হয়।”
