২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

বাগেরহাটে ভ্যান চালককে হত্যার দায়ে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 04:27 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

বুধবার বাগেরহাট দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার কাষ্ঠবাড়িয়া গ্রামের এনামুল মোল্লা (২০), আল আমিন শেখ (২১), জাহিদ গাজী (২৩) এবং একই উপজেলার খাজুরা গ্রামের এখলাস ওরফে আসাদুল কবির (২৩)।

এদের মধ্যে আল আমিন শেখ পলাতক রয়েছেন।

একইসঙ্গে আদালত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মামলা চলাকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বেলাল শেখ নামে এক আসামি নিহত এবং বাগেরহাট কারাগারে আটক অবস্থায় অসুস্থ হয়ে আওয়াল শেখ মারা যাওয়া মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীকলস গ্রামের জাহাঙ্গীর বেহারার ছেলে  জাকারিয়া বেহারা ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

পরদিন ১৫ ফেব্রুয়ারি উপজেলার পিলজংগ গ্রামের পশ্চিমপাড়ার একটি খেজুর বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনায় ওইদিন নিহতের মা শরীফা বেগম বাদী হয়ে ফকিরহাট থানায় অজ্ঞাত পরিচয়ের আসামি করে হত্যা মামলা করেন।

মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ ফকিরহাট উপজেলার খাজুরা গ্রামের আওয়াল শেখের বাড়ি থেকে ভ্যানটি উদ্ধার করে পুলিশ। পরে আওয়াল শেখকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে হত্যাকারী ও হত্যার কারণ চিহ্নিত করা হয়।

২০০৯ সালের ১৩ আগস্ট আওয়াল শেখসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।