শিশুর হাড় ভেঙে দেওয়ার অভিযোগ
ফেনীতে নির্যাতন চালিয়ে ১৩ বছরের একটি শিশুর হাত ও কোমরের হাড় ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আবুল হোসেন নামে শিশুটি বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার উপর নির্যাতন চালানোর অভিযোগে এক আসবাবপত্রের দোকানের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার নাছির উদ্দিন দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর এলাকার ‘নাছির ফার্নিচার’ এর মালিক। তার ওই দোকানে গত ১ অগাস্ট কাজ নিয়েছিল চট্টগ্রাম জেলার ভুজপুর থানার মৃত বেলাল হেসেনের ছেলে হোসেন।
হোসেনের মা বিবি সোমেনা সাংবাদিকদের বলেন, জীবিকার তাগিদে শিশুটিকে নাছিরের দোকানে কাজে দেন তিনি।
দোকানে যোগ দেওয়ার চার দিন পর জ্বরের কারণে বিছানা থেকে না উঠায় নাছির টেনে হেঁচড়ে নামিয়ে হোসেনকে বেদম পেটান বলে সোমেনার দাবি।
পরে নাছির তাদের কাছে খবর পাঠায়, গাছ থেকে পড়ে ব্যথা পেয়েছে হোসেন।
এরপর রামগড় থেকে এসে হোসেনের স্বজনরা তাকে নিয়ে যায়, ভর্তি করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি ঘটলে পাঁচ দিন আগে ফেনী সদর হাসপাতালে আনা হয় শিশুটিকে।
চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেও সেই সামর্থ্য নেই বলে জানান সোমেনা।
শিশুটির পরিবারের দাবি, নাছিরের কাছে চিকিৎসার খরচ চাওয়ার পর উল্টো হুমকি দিয়েছিলেন তিনি।
ফেনী সদর হাসপাতালের চিকিৎসক এমদাদুল হক জানান, হোসেনের ডান হাত ও কোমড়ের হাড় ভেঙে গেছে। হাত ও পায়ে পানি জমে যাওয়ায় তার একটি কিডনিও ঝুঁকিতে রয়েছে।
শিশুটির পরিবারের পক্ষ থেকে কিছু বলা না হলেও হাসপাতালের চিকিৎসকদের কাছে খবর শুনে পুলিশ তৎপর হয়ে নাছিরকে আটক করেছে বলে জানান ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শামসুল আলম সরকার।
তিনি সাংবাদিকদের বলেন, “তারা (শিশুটির পরিবার) কোনো থানায় লিখিত অভিযোগও দেয়নি। তবে আজ (মঙ্গলবার) বিকালে চিকিৎসকদের থেকে বিষয়টি জেনে দাগনভূঞা থানা পুলিশ নাছির উদ্দিনকে তার দোকান থেকে আটক করেছে।”
নির্যাতিত পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে বলে এএসপি জানান।
সম্প্রতি সিলেট, বরগুনা ও খুলনায় নির্যাতন চালিয়ে তিন শিশুকে হত্যার পর শিশু নির্যাতনের ঘটনা বাংলাদেশজুড়ে বেশ আলোচিত।
