২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট ৩ শ্রমিক নিহতের খবর

মুন্সীগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক নিহত ও তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 07:14 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ডিঙ্গাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।

হাসপাতাল থেকে লাশগুলো স্বজনরা নিয়ে যাওয়ায় পুলিশ গিয়ে পায়নি বলে জানান সদর থানার এসআই জামিল।

তিনি বলেন, “বিদ্যুৎস্পৃষ্টে তিন জন নিহতের খবর শুনে হাসপাতালে এসে লাশ পাইনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিহত দুজন হলেন- সদর উপজেলার চৌগারার পাড় গ্রামের শফি শেখের ছেলে মোজাম্মেল (৩৫) ও মতিন (৩০)। আরেক জনের পরিচয় জানা যায়নি।

গুরুতর আহত আধারিয়া তলার আ. বারেকের ছেলে বিজয় (২০) ও দক্ষিণ রামগোপালপুর গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে সবুজকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. এনামুল হক বলেন, মোজাম্মেল ও  মতিনের লাশ পরিবারের লোকজন না বলে নিয়ে গেছে। আরেক জনের নাম হাসপাতালে এন্ট্রি করার আগেই পরিবারের সদস্যরা নিয়ে যায়।

“এরা ডিঙ্গাভাঙ্গা গ্রামে আশরাফ উদ্দীনের বাড়িতে রডের কাজ করছিল। এক পর্যায়ে রড বিদ্যুতের তারের সঙ্গে লেগে এ ঘটনা ঘটে বলে আহতরা জানিয়েছে।”