বঙ্গবন্ধুর খুনি মাজেদের সম্পত্তি জব্দ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন মাজেদুল ইসলাম মাজেদের বাড়ি ও সম্পত্তি দখলে নিয়েছে ভোলা জেলা প্রশাসন।
মঙ্গলবার ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসপাতাল সড়কে অবস্থিত এক একর ৩৫ শতাংশ জমি, বাড়ি-ঘর, দোকানপাটসহ সব মালামাল জব্দ করা হয়।
একই সঙ্গে তার গ্রামের বাড়ির সম্পত্তিও দখলে নেওয়া হয় বলে জানান ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা।
তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার ভূমি, নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন ও বোরহানউদ্দিন থানার ওসি রতন কৃষ্ণ রায় চৌধুরীর নেতৃত্বে একটি দল তার সম্পত্তিতে সরকারের মালিকানার সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।
