প্রবীর সিকদারের মুক্তির দাবি রাজশাহী ও কিশোরগঞ্জে
সাংবাদিক প্রবীর সিকদারকে অবিলম্বে মুক্তি ও তার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী ও কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ তুলে রোববার রাতে ফরিদপুর সদর থানায় স্বপন পাল নামের এক আইনজীবী তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন।
এর আগেই ঢাকা থেকে প্রবীর সিকদারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ফরিদপুরে নিয়ে সোমবার আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি জানান, মঙ্গলবার সকালে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন, রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুল হাসান লিটন, রাজশাহী মেট্টোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী রমজানসহ অন্যান্যরা।
বক্তারা প্রবীর সিকদারের মুক্তি ও তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, সকালে শহরের ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের ব্যানারে এ কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।
সংগঠনটির জেলা সভাপতি রেজাউল হাবিব রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, প্রবীরকে একটি গোষ্ঠী হয়রানি করতেই তাকে আগে গ্রেপ্তার করে পরে মামলা দিয়েছে, যা কোনোভাবেই গণতান্ত্রিক আচরণ নয়।
অবিলম্বে মুক্তি দেওয়া না হলে দেশের সাংবাদিকরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
