২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরীকে অপহরণ ও আটকে রেখে ধর্ষণের অভিযোগ

ঝালকাঠীর রাজাপুর উপজেলায় এক কিশোরীকে অপহরণের পর প্রায় এক মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 05:57 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

মঙ্গলবার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝালকাঠী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে সাত জনকে আসামি করে একটি মামলা করেন।

মামলায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চামটা গ্রামের রতন ফকিরের ছেলে ‘ওঝা’ সোলায়মান ফকির ও তার  ছয় সহযোগীকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে রাজাপুর থানার পরিদর্শক মুনীর উল গিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোলায়মান ফকির গ্রামে ঘুরে ঘুরে ঝাড়-ফুঁক দেয়। কয়েকমাস আগে মেয়ের চিকিৎসা করতে সোলায়মান ফকিরকে বাড়ি নিয়ে আসেন তার বাবা। বেশ কিছুদিন ধরে চলে চিকিৎসা পদ্ধতি।

“ওই সময় মাঝেমধ্যে মেয়েটিকে সোলায়মান খারাপ প্রস্তাব দিত। মেয়েটি বিষয়টি পরিবারকে জানালে সোলায়মানকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।”

গত ১৮ জুলাই  সকালে বাড়ির কাছ থেকে মেয়েটি চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করে বাকেরগঞ্জের নিজ বাড়িতে নিয়ে যায় সোলায়মান। সেখানে প্রায় একমাস আটক রেখে মেয়েটিকে ধর্ষণ করে বলে জানান পুলিশ কর্মকর্তা মুনীর।

তিনি বলেন, খোঁজাখুঁজি করে মেয়েকে না ২০ জুলাই রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে তার বাবা। এর মধ্যে গত ১৪ অগাস্ট রাতে সুযোগ পেয়ে নিজের অবস্থান জানিয়ে পরিবারকে ফোন করে মেয়েটি। পরে ১৫ অগাস্ট রাতে সোলেমানের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।

তবে এ সময় সোলায়মানকে আটক করা যায়নি বলে জানান মুনীর উল গিয়াস।