চাঁদপুরে পুলিশের উপর হামলায় আটক ৪
চাঁদপুরের হাইমচর উপজেলায় পুলিশের উপর হামলা করে ‘মাদকবিক্রেতাকে’ ছিনিয়ে নেওয়ার ঘটনায় চার জনকে আটক করা হয়েছে।
হামলার পর থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে হাইমচর থানার ওসি ওয়ালী উল্যাহ জানান।
এরা হলেন- রিপন (২৮), বিল্লাল (৩০), হোসেন ছৈয়াল (২৫) ও হিরন মাঝি (২৪)।
সোমবার গভীর রাতে উপজেলার দক্ষিণ আলগী এলাকায় জসিম ভূঁইয়া নামের এক মাদক বিক্রেতাকে ইয়াবাসহ আটকের পর থানায় নেওয়ার পথে হামলার মুখে পড়ে পুলিশের দলটি।
ওসি ওয়ালী উল্যাহ জানান, ওই ঘটনায় হাইমচর থানার এসআই মো. ইউনুস বাদী হয়ে মাদকদ্রব্য এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা দায়ের করেন। পরে ওই চারজনকে আটক করা হয়।
ওয়ালী উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলা দুটির মধ্যে মাদক মামলায় তিন জনের নাম উল্লেখ রয়েছে।
এছাড়া পুলিশের কাজে বাধা দেওয়ায় এই তিনজনসহ ১৫ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করে অন্য মামলাটি করা হয়।
আটক চারজন দুই মামলারই আসামি।
