‘উত্ত্যক্তকারীর’ সঙ্গে বিয়ের সিদ্ধান্তের পর আত্মহত্যা
গাইবান্ধা সদর উপজেলায় কথিত উত্ত্যক্তকারীর সঙ্গে বিয়ের সিদ্ধান্তের পর এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
সদর থানার ওসি রাজিউর রহমান, ওই ঘটনায় মঙ্গলবার ভোর রাতে কথিত উত্ত্যক্তকারী রায়হান (১৯) নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রায়হান গাইবান্ধা পৌর এলাকার জুম্মা পাড়ার হারুনুর রশীদ ওরফে তারা মিয়ার ছেলে।
মৃত আমিনা আক্তার (১৫) খোলাহাটী ইউনিয়নের দুলালের ভিটা গ্রামের আব্দুর রউফের মেয়ে। গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল সে।
গত শনিবার (১৫ অগাস্ট) আত্মহত্যা করে আমিনা। সেইসঙ্গে আত্মহত্যার কারণ উল্লেখ করে পাঁচ পৃষ্ঠার একটি চিঠি লেখে সে।
ঘটনার পর একটি অপমৃত্যুর মামলা হয়। তবে রোবরার রাতে গাইবান্ধার জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ও পুলিশ সুপার আশরাফুল ইসলাম আমিনার বাড়ি যান।
মামলার তদন্তের স্বার্থে আমিনার লেখা চিঠিতে কী লেখা আছে তা জানাতে অপারগতা প্রকাশ করেন পুলিশ সুপার ও সদর থানার ওসি।
ওসি রাজিউর বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
রায়হানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
এ ব্যাপারে আমিনার মা শিল্পী বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরে স্কুলে যাওয়ার সময় প্রায় প্রতিদিনই আমিনাকে উত্ত্যক্ত করত রায়হান। গত ৭ অগাস্ট (শুক্রবার) কোচিংয়ে যাওয়ার সময় রায়হান কৌশলে আমিনাকে খোলাহাটি ইউনিয়নের গড়েরবাতা এলাকায় নিয়ে যায়।
“সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটির সময় এলাকাবাসী দেখতে পেয়ে দুজনকে ধরে আমাদের বাড়ি নিয়ে আসে। ওই রাতেই রায়হানের পরিবারের লোকজন শহরের প্রভাবশালী মাতব্বরদের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করতে আসে এবং আমাদের বাড়িতে সালিশ বৈঠক বসায়।”
তিনি বলেন, “বৈঠকে আমিনার মতামতের বিরুদ্ধে ১৬ অগাস্ট সন্ধ্যার পর রায়হানের সঙ্গে তার বিয়ের সিদ্ধান্ত হয়। এ ঘটনায় অপমানিত হয়ে গত ১৫ অগাস্ট রাতে আত্মহত্যা করে আমিনা। আত্মহত্যার কারণ হিসেবে পাঁচ পাতার একটি চিঠি লিখে গেছে সে।”
এ ব্যাপারে রায়হানের বাবা হারুনুর রশীদ ওরফে তারা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায়হানকে ধরে আমিনাদের বাড়ি নিয়ে গেলে তারাও সেখানে যান। তারপর সেখানে গণ্যমান্যদের সঙ্গে বৈঠকে তারা ক্ষতিপূরণ দিতে চাইলে আমিনার বাবা আব্দুর রউফ তাতে রাজি না হয়ে তার মেয়েকে বিয়ে করার জন্য চাপ দেন।
ওই কারণেই তারা বিয়েতে রাজি হন বলে দাবি তারা মিয়ার।
