সেপ্টেম্বরে ‘রাজনৈতিক’ বিলবোর্ডের বিরুদ্ধে অভিযান
বঙ্গবন্ধুর ছবির পাশে চাঁদাবাজদের ছবি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ ধরনের বিলবোর্ড উচ্ছেদে সেপ্টেম্বর মাসে অভিযান শুরু করা হবে।
সোমবার সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, “অগাস্ট মাসটা যাক, সেপ্টেম্বর থেকে অপ্রয়োজনীয় রাজনৈতিক বিলবোর্ডের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চলবে। বঙ্গবন্ধুর পাশে যারতার ছবি দেখতে চাই না।”
কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন “বঙ্গবন্ধুর পাশে সন্ত্রাসী চাঁদাবাজের ছবি দেখতে চাই না। কেন আপনারা চোখ বুজে থাকেন, নামিয়ে ফেলবেন ওইগুলো। কী অধিকারে ওই বিলবোর্ড বিভিন্ন জায়গায় প্রদর্শন করে শোক দিবসের গাম্ভীর্যকে অপমান করা হচ্ছে।”
কাদের বলেন, “বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবির পাশে নেত্রীর ছবি, তার নিচে ২০ থেকে ২৫টি ছবি। সারা সিটিতে এ দৃশ্য, আমি বিভিন্ন রাস্তায় যাই আর দেখি। এতে কী বঙ্গবন্ধুকে বড় করা হচ্ছে?”
বক্তব্যে প্রধানমন্ত্রীর কাজের গতির সঙ্গে সব মন্ত্রী তাল মেলাতে পারছেন না বলেও মন্তব্য করেন মন্ত্রী।
“এটি স্বীকার করতে হবে প্রশাসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গতি, সে গতি অ্যারাবিয়ান হর্সের মত। আমরা যদি ১০ জন মন্ত্রী প্রধানমন্ত্রীর গতির সাথে তাল মিলিয়ে টিম ওয়ার্ক গড়ে তুলতে পারতাম বাংলাদেশ এতদিনে আরও এগিয়ে যেত। আমরা তার সাথে তাল মেলাতে পারিনি।”
অনুষ্ঠানে বাণিজ্য সচিব হেদায়েত আল মামুন (এনডিসি), স্বরাষ্ট্র সচিব মো. মোজাম্মেল হক খান, জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব এএসএসএম জহিরুল হক বক্তব্য রাখেন।
