২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ২ গ্রামের সংঘর্ষে যুবক নিহত

গোপালগঞ্জে ফুটবল দলের খেলোয়াড় বাছাই নিয়ে দুই গ্রামের লোকজনের সংঘর্ষে এক জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 06:56 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

সোমবার মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের নওহাট এআরএম উচ্চ বিদ্যালয় মাঠে এ সংঘর্ষ হয়।

নিহত রাজা মিয়া শেখ (৩৫) উপজেলার ধোপাদী গ্রামের বাদশা শেখের ছেলে।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

নওহাটা এআরএম স্কুলের সহকারী প্রধান শিক্ষক পংকজ কুমার বিশ্বাস জানান, সোমবার স্কুল মাঠে ৮টি বিদ্যালয়ের মধ্যে জাতীয় স্কুল-মাদ্রাসা মৌসুমি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

“কিন্তু, খেলা শুরুর  আগেই আমাদের স্কুল দলের খেলোয়াড় বাছাইকে কেন্দ্র করে বিরোধ শুরু হয়।

“এর জেরে স্কুলের নওহাটা ও ধোপাদী গ্রামের দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।”

এ খবর ছড়িয়ে পড়লে উভয় গ্রামের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এ অবস্থায় ফুটবল প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয় বলে তিনি জানান।

মোচনা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম জানিয়েছেন, শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনার পর পর স্কুল মাঠে ধোপাদী গ্রামের আবুল বশার ও রাজা শেখ হেঁটে যাচ্ছিলেন। তখন কয়েকজন ছাত্র আবুল বশারের ওপর হামলা চালায়।

“এ সময় রাজা মিয়া ঠেকাতে গেলে শিক্ষার্থীরা তাকে মারপিট করে আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে রাজা শেখের মৃত্যু হয়।”

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম জানান, হাসপাতালে আনার  আগেই রাজা মিয়া শেখ মারা গেছেন।

তার বুকে রক্তাক্ত জখম ছিল বলে জানান এই চিকিৎসক।

মুকসুদপুর থানার ওসি মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো পক্ষই এখনও  অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।