২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে স্কুলছাত্র খুন

গোপালগঞ্জ শহরে এক স্কুলছাত্রকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 06:11 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

সোমবার শহরের তেঘরিয়া এলাকা থেকে পুলিশ মিনার কাজী (১৫) নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করে।

মিনার গোপালগঞ্জ শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল। সে গোপালগঞ্জ সদর উপজেলার জগাচ্চর গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মুক্তিযোদ্ধা সাহেব আলী কাজীর ছেলে।

লেখাপড়ার জন্য তারা শহরের তেঘরিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।

নিহত ছাত্রের বাবা সাহেব আলী কাজী জানান, মিনার রোববার এষার নামাজের আগে তেঘরিয়ার বাসা থেকে বের হয়।

রাতে বাসায় না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। সোমবার সকালে বাসার ৫শ’ গজ দূরে তার গলা কাটা লাশ দেখে স্থানীয়রা, বলেন তিনি।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা বলেন, গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে প্রাথমিকভাবে হত্যার কারণ জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

গোপালগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ওসি।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম চৌধুরী জানান, সোমবার বিকালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিনারের স্বজনরা জানিয়েছেন, গোপালগঞ্জ সদর উপজেলার জগাচ্চর গ্রামের বাড়িতে নিয়ে জানাজা শেষে দাফন করা হয়েছে।

গোপালগঞ্জ শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহে আলম এ হত্যাকান্ডের বিচার দাবি করেছেন।