চাঁদপুরে শিক্ষক-শিক্ষার্থীদের মারধরের ঘটনায় আটক ৮
চাঁদপুরের কচুয়া উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ওই স্কুলের দুই শিক্ষার্থীসহ আটজনকে আটক করেছে পুলিশ।
এরা হলেন- পালাখাল ডিগ্রি কলেজের ছাত্র মোজাম্মেল হক (২২), কৃষক আলাউদ্দিন (৩২), শ্রমিক মো. সবুজ (১৯), অজি উল্লা (৩২), ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মো. ইমরান হোসেন (১৫), নবম শ্রেণির ছাত্রী পপি আক্তার (১৫), ভূঁইয়ারা এলাকার মনির হোসেন (৩০) ও মো. ফারুক হোসেন (৩০)।
কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে পাঁচ জনকে আটক করা হয়েছে। পপি ও মনিরকে আটক করা হয় সোমবার দুপুরে।
“সবশেষ সোমবার রাতে শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকা থেকে ফারুকে আটক করা হয়।”
এদের মধ্যে ফারুক, মোজাম্মেল ও মনির এজাহারভুক্ত আসামি এবং বাকিরা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক বলে জানান ওসি ইব্রাহিম।
স্কুলের ছাত্রী পপিকে আটকের বিষয়ে তিনি বলেন, ওই বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এ ঘটনায় জড়িত রয়েছে বলে পুলিশের কাছে খবর থাকায় পপিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা ইব্রাহিম জানান, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকারের করা ওই মামলায় আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ২০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি, শিক্ষক ও শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ আনা হয় বলে জানান ওসি।
তিনি জানান, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ও কুমিল্লা মেডিকেল হাসপাতালে ২ জন শিক্ষার্থী জিকিৎসাধীন রয়েছে।
এছাড়া অনেকেই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে রোববার রাতেই বাড়ি ফিরে গেছে বলে তিনি জানান।
চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আবদুল হানিফ বলেন, স্কুলের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় প্রকৃত দোষীদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
জাতীয় শোক দিবসের নামে যুবলীগকর্মী পরিচয়ে কয়েকজন যুবককে চাঁদা না দেওয়ায় ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার এবং হল সুপার ফজলুর রহমানকে শনিবার রাতে লাঞ্ছিত ও মারধর করা হয়।
এর প্রতিবাদে রোববার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করলে কয়েকজন যুবক বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের মারধর করে, যাতে অন্তত ৩০ জন আহত হয়।
