তেল পরিবহন বন্ধের হুমকি
চট্টগ্রামে নয় হাজার লিটার কেরোসিন তেলসহ গ্রেপ্তার চালককে মুক্তি না দিলে রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারগুলো থেকে তেল সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে ‘ট্যাংক-লরি চালক-মালিক সংগ্রাম পরিষদ’।
সংগঠনটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম মজুমদার রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার চালকের মুক্তির দাবিতে গত শুক্রবার থেকে চট্টগ্রামের ১২টি বেসরকারি তেল শোধনাগারে তেল আনা-নেওয়া বন্ধ রেখেছেন তারা।
“চট্টগ্রামের বেসরকারি তেল শোধনাগারগুলোতে সিলেট থেকে অপরিশোধিত তেল এবং চট্টগ্রাম থেকে পরিশোধিত তেল আনা-নেওয়া বন্ধ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার চালককে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে কয়েকদিনের মধ্যে রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার পদ্মা, মেঘনা, যমুনা থেকে তেল পরিবহন বন্ধ করে দেওয়া হবে।”
ইতোমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়ে ১৩ অগাস্টের মধ্যে গ্রেপ্তার চালকের মুক্তির দাবি জানিয়েছে ট্যাংক-লরি চালক-মালিকরা।
গত ৪ অগাস্ট সুপার রিফাইনারি প্রাইভেট লিমিটেড থেকে সাড়ে নয় হাজার লিটার তেল নিয়ে যাওয়ার সময় বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল গেইট থেকে একটি ভাউচার আটক করে পুলিশ।
পুলিশের দাবি, তেলগুলো পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাউজারটি আটকের পর চালক তেলগুলো মিরসরাইয়ের রিদওয়ান ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায়।
“কিন্তু আমরা মিরসরাই থানার মাধ্যমে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করলে তারা কোনো ধরনের তেল কেনেনি জানালে চালককে গ্রেপ্তার দেখানো হয়।”
‘ট্যাংক-লরি চালক মালিক সংগ্রাম পরিষদের’ সদস্য সচিব রবিউল মাওলা পুলিশের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, “তেলগুলো পুলিশের পক্ষ থেকে পাচারের জন্য বলা হলেও মূলত সেগুলো সুপার রিফাইনারি থেকে মিরসরাইয়েই নিয়ে যাওয়া হচ্ছিল।”
