দশ হাজার তরুণকে প্রশিক্ষণ দিচ্ছে পিকেএসএফ
দক্ষতা বাড়াতে দশ হাজার তরুণকে প্রশিক্ষণ দিচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
সংস্থাটির অধীনে তিন বছরে ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ (সিইআইপি) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
রোববার সকালে আগারগাঁওয়ের পিকেএসএফ মিলনায়তনে ‘প্রকল্প কার্যক্রম অবহিতকরণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পিকেএসএফের উপ-মহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী মো. আবুল কাশেম জানান, প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে অন্তত ৭০ শতাংশের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
“এ প্রকল্পে তিন ও ছয় মাস মেয়াদে প্রথম ধাপে দশ হাজার জনকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। ছয়টি ট্রেডে ১৩টি কোর্সে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে।”
প্রকল্পটি তরুণদের দক্ষতা বাড়াতে ও কর্মসংস্থান সৃষ্টি করে দারিদ্র্য নিরসনে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
কর্মশালার সভাপতি পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম বলেন, “প্রকল্পটির মেয়াদ হবে নয় বছর। এ সময়ের মধ্যে ৪টি ধাপে ৭৫ হাজার তরুণকে আন্তর্জাতিক মান সম্পন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে।”
অবহিতকরণ কর্মশালার আয়োজকরা জানান, প্রশিক্ষণার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণি ও বয়স ১৭ বছরের বেশি হতে হবে।
চলতি বছরের জুলাই থেকে প্রকল্পটি বাস্তবায়নে পিকেএসএফ বিভিন্ন পর্যায়ে কার্যক্রম শুরু করে।
কর্মশালায় উপ-ব্যবস্থানা পরিচালক ফজলুল কাদেরসহ সহযোগী সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
