২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীবাড়িতে ৭ ঘর ভস্মীভূত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে বসত বাড়িসহ সাতটি ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 01:42 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

শনিবার গভীর রাতে হাটকান গ্রামে এ অগ্নিকাণ্ড হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।

আধঘণ্টার চেষ্টায় পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

একটি হামলার ঘটনায় দুপক্ষের বিরোধের জেরে কেউ এ অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে পারে বলে ক্ষতিগ্রস্তরা ধারণা করলেও তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত নওশাদ শিকদার জানান, গভীর রাতে তারা ঘুমিয়েছিলেন। আগুন ধরেছে টের পেয়ে কোনোমতে ঘর থেকে বেড়িয়ে প্রাণে রক্ষা পান।

একই অবস্থা তার ভাই আব্বাস আলী শিকদারের পরিবারেরও, বলেন তিনি ।

ক্ষতিগ্রস্ত অন্যরা হলেন পাশের বাচ্চু শিকদার, রিপন শিকদার, মাসুম শিকদার ও মকবুল শিকদাল, যারা মামলার কারণে বাড়িছাড়া বলে নওশাদ জানান

নওশাদ শিকদার অভিযোগ করেন, “দুর্বৃত্তরা যে আগুন দিয়েছে এতে কোনো ভুল নেই। তবে অন্ধকারে কারা আগুন দিয়েছে সেটা দেখার সুযোগ ছিল না।”

স্থানীয়দের বরাত দিয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্য ইন্সপেক্টর মন্টু বিশ্বাস জানান, রাত পৌনে ২টার দিকে আগুন ধরে। পুলিশ ও স্থানীয়রা আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত আড়াইটায় মুন্সীগঞ্জ থেকে ফায়ার সাভির্স ঘটনাস্থলে পৌঁছায় বলে জানান তিনি।

টঙ্গীবাড়ি থানার ওসি আলমগীর হোসেন রবিবার জানান, গত ১৬ জুলাই স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. লিটন মাদবরের একটি হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয় এবং পায়ের রগ কেটে দেয় প্রতিপক্ষের লোকজন।

“ওই ঘটনার মামলার আসামি বাচ্চু শিকদার, রিপন শিকদার, মাসুম শিকদার ও মকবুল শিকদারের পরিবার গ্রামছাড়া।”

এই রিবোধের কারণেই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে গ্রামবাসীরা মনে করছে, বলেন ওসি।

অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়নি বলেও জানান তিনি।