২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও আছে পঁচাত্তরের সুশীলরা: জয়

বঙ্গবন্ধুকে হত্যার পর নাগরিক সমাজের একাংশের বাহবার কথা স্মরণ করিয়ে দিয়ে বর্তমানে আওয়ামী লীগ সরকারের সমালোচক সুশীলদের নিয়ে নিজের সংশয়ের কথা জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 10:51 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

জাতীয় শোক দিবস শনিবার ফেইসবুকে এক পোস্টে বঙ্গবন্ধুর নাতি জয় লিখেছেন, “হত্যা আর স্বজন হারানোর বেদনা আমার পরিবারের চেয়ে ভালো কেউ জানে না। ওরা শুধু একজনকেই হত্যা করেনি। এমনকি খুনিরা আমার মামীদের, যাদের মধ্যে একজন ছিলেন সন্তানসম্ভবা এবং শিশুদেরও রেহাই দেয়নি। ঠাণ্ডা মাথায় তারা আমার ১০ বছর বয়সী রাসেল মামাকেও হত্যা করেছিল। এরা ছিল দানব।

“এই যখন অবস্থা, সেখানে ওইদিনের পত্রিকার দিকে তাকালে দেখবেন, কিছু লোক খুনিদের প্রশংসা পর্যন্ত করেছিল। নির্বাচনে আমার নানাকে হারাতে না পেরে তাকে স্বৈরাচার বলে দাবি করেছিল তখনকার বিরোধীরা। এখন আমাদের সুশীল সমাজের কারো কারো কাছ থেকে বারবার একই কথা শোনা যাচ্ছে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় লিখেছেন, “গণতন্ত্রের মানে এই না যে সবাই একবার একবার করে ক্ষমতায় আসবে কিংবা সংসদে সমান সংখ্যক আসন পাবে। গণতান্ত্রিকভাবে জয়ী হতে হলে আপনাকে নির্বাচনে অংশ নিতে হবে এবং জনগণের ভোট পেতে হবে। এই বিষয়টা সুশীল সমাজের কেউ কেউ ১৯৭৫ সালে পাত্তা দেয়নি। এবং এখনও সুশীল সমাজের কেউ কেউ বিষয়টা পাত্তা দিতে চায় না।

“এই ধরনের চিন্তাভাবনার পরিণতি কী হয় তা ইতিহাস দেখিয়েছে। মালয়েশিয়া ও সিঙ্গাপুর যেখানে অর্থনৈতিকভাবে উন্নতি করেছে, সেখানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশ ধুঁকেছে। তার কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার আগ পর্যন্ত আমাদের দেশ দ্রুত উন্নতির পথে যেতে পারেনি। মাত্র ছয় বছরে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। ১৫ অগাস্টের হত্যাকাণ্ড না হলে আজ বাংলাদেশ উন্নত অর্থনীতির দেশ হত।”