২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোকের দিনে বঙ্গবন্ধুর জন্য দোয়া, খাবার বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকীতে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 07:37 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

পুরনো খবর:

চট্টগ্রামে নানা কর্মসূচিতে বঙ্গবন্ধুকে স্মরণ 

পাশাপাশি নিহতদের আত্মার শান্তি কামনা করে মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়। 

শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তার মোড়ে মোড়ে চলছে জাতির জনকের ভাষণ, আর দেশাত্মবোধক গান। ভোজের আয়োজন ছিল প্রতিটি এলাকায়।  

রাজধানীর রমনা থানার বিপরীতে দুঃস্থদের জন্য ভোজের আয়োজন করে ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ।

ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান কাজল জানান, শোক দিবস উপলক্ষে তার ওয়ার্ডে দুঃস্থদের জন্য এই আয়োজন করা হয়েছে, জবাই করা হয়েছে আটটি গরু।

দুপুরের পর সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষকে খাবার সংগ্রহ করতে দেখা গেছে।

তাদেরই একজন, রিকসা চালক আবদুর রহমান। বঙ্গবন্ধু সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “বঙ্গবন্ধুরে আমি দেখি নাই। কিন্তু শুনছি তিনি বাংলাদেশ স্বাধীন করার আদেশ দিসিলেন। আমি তার আত্মার শান্তির জন্য দোয়া করি।”

Image
মতিঝিলে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ছিন্নমূল হকার্স লীগ। ছবি: গোলাম মুজতবা ধ্রুব

মতিঝিলে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ছিন্নমূল হকার্স লীগ। ছবি: গোলাম মুজতবা ধ্রুব

৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল বাসিতের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরের আগেই মানিকনগর এলাকায় তারা তিন হাজারেরও বেশি দুঃস্থ ও দরিদ্র মানুষের মাঝে গরুর তেহারি বিতরণ করেছেন।

মতিঝিল শাপলা চত্বরের ঠিক বিপরীতে বাংলাদেশ ব্যাংকে যাওয়ার পথে তাবু টানিয়ে দুঃস্থদের জন্য খাবারের প্যাকেট সাজিয়ে রাখছিলেন বাংলাদেশ ছিন্নমূল হকার্স লীগের মতিঝিল থানার সাধারণ সম্পাদক তোতা কোতয়ালকে।

কথা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়ার আয়োজন করেছি। পাশাপাশি সাড়ে তিনশ মানুষের খাবার ব্যবস্থাও রেখেছি।”

যারা খাবার সংগ্রহ করতে এসেছিলেন তাদেরকে কালো জামায় কালো ব্যাজও পরিয়ে দিতে দেখা যায় এই বৃদ্ধকে।

কিছুদূর এগিয়ে বঙ্গবন্ধু এভিনিউ সংলগ্ন একটি গলিতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ২০ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিটের অর্ধশতাধিক নেতা কর্মীকে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করতে দেখা যায়।

Image
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে খাবার বিতরণ করছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে খাবার বিতরণ করছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

ইউনিটের সহ-সভাপতি শাখরুখ আলম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বঙ্গবন্দু মেহনতি মানুষের নেতা ছিলেন। তার শাহাদত বার্ষিকীতে তাই মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ করার উদ্যোগ নিয়েছি সবাই।”

জাতীয় প্রেসক্লাবের সামনে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা।

সংগঠনটির সাধারণ সম্পাদক ইনসুর আলী বলেন, “আর যেন কোন নেতাকে প্রাণ না দিতে হয় সেই দোয়া আমরা করি। আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন জাতির জনক ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি দেন।”

তার সঙ্গে থাকা মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের হেলপার মো. মামুন বলেন, “শেখ হাসিনার জন্যও আমরা দোয়া করি। তিনি আমাদের শান্তিতে রাখসেন। এখন দেশে হরতাল নাই, কেউ বাসে আগুন দেয় না।”

Image
রমনায় দুঃস্থদের জন্য রান্না চলছে। ছবি: গোলাম মুজতবা ধ্রুব

রমনায় দুঃস্থদের জন্য রান্না চলছে। ছবি: গোলাম মুজতবা ধ্রুব

দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হামিদুল হক মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শামিম বলেন, “আমার ওয়ার্ডে শোক দিবস উপলক্ষে কয়েক হাজার লোকের খাবারের আয়োজন করা হয়েছে। জাতির জনক ও তার পরিবারকে শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করতে গরিব দুঃখি মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।”

শাহজাহানপুর এলাকায় সিএনজি চালক আবদুল খালেক বলেন, “শনিবার সকাল থেকেই শাহজাহানপুরের বিভিন্ন জায়গায় দুঃস্থদের মাঝে গরুর তেহারি বিতরণ করা হইসে।”

এছাড়াও রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, আদাবরসহ প্রায় প্রতিটি এলাকায় বিভিন্ন আয়োজন ছিল।

মোহাম্মদপুর থানা যুবলীগের আহ্বায়ক কাজী মারুফ ওরফে বিপ্লব ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরান শহীদ প্রিন্স বলেন, তারা টাউন হলে দুঃস্থদের জন্য ভোজের আয়োজন করেছিলেন। কাউকেই খালি হাতে ফিরতে হয়নি।