২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নানা কর্মসূচিতে বঙ্গবন্ধুকে স্মরণ 

জাতীয় শোক দিবসে চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2015, 07:52 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

শনিবার সকাল থেকে নগরীর পথে পথে মাইকে বাজতে থাকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। সেই সঙ্গে গানের সুরে ভেসে আসে ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালি, আলোচনা সভা, দরিদ্রদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করে স্থানীয় প্রশাসন এবং আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন।

সকালে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নগর আওয়ামী লীগের নেতারা।

এসময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর প্রমুখ উপস্থিত ছিলেন।

Image
চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত শোক দিবসের অনুষ্ঠান।

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত শোক দিবসের অনুষ্ঠান।

এরপর দুপুরে নগরীর এস এস খালেদ সড়কের একটি কনভেনশন সেন্টারে শোক দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে সেখানে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও মেজবানের আয়োজন করা হয়।

সকালে রাউজান কলেজ মাঠে রাউজান উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

রাউজান উপজেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ৫৩ জন প্রতিবন্ধী এবং ২০ জন কৃতী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এছাড়া রচনা প্রতিযোগিতা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে শোকর‌্যালি বের করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

র‌্যালিতে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। র‌্যালিটি চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

Image
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসনের উদ্যোগে বিকালে শিল্পকলায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা হয়।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) জাতীয় শোক দিবসে নানা কর্মসূচির আয়োজন করে।

সকাল পৌনে ১০টায় সিটি মেয়র আ জ ম নাছির নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। এরপর দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়।

সভায় আ জ ম নাছির বলেন, “বঙ্গবন্ধুর অবদান গগণচুম্বী, তার সাফল্য প্রশ্নাতীত। ইতিহাস প্রমাণ করেছে তিনি বাঙালি জাতিসত্তার প্রতীক। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অবিচ্ছেদ্য সত্ত্বা।

“তিনি দেশপ্রেমের মূর্ত প্রতীক। তারই স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃপ শপথ নেওয়াই আমাদের দায়িত্ব।”

সিসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার করপোরেশন পরিচালিত সব মাতৃসদন, স্বাস্থ্যকেন্দ্র, দাতব্য ও হোমিও চিকিৎসালয়ে বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে।

Image
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগও জাতীয় শোক দিবসে শিল্পকলা একাডেমিতে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

জাতীয় শোক দিবসে আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম প্রেস ক্লাব।

প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে সভায় প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সাংবাদিক নেতা আসিফ সিরাজ, শহীদুল আলম, মোস্তাক আহমদ ও চৌধুরী ফরিদ আলোচনা করেন।

এর আগে সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রেস ক্লাব, সিইউজে ও চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা।

সকালে চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়। কলেজে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামে তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা হয়।