ঢাকায় পালিত ভারতের স্বাধীনতা দিবস
ঢাকায় অবস্থানরত ভারতীয়রা শনিবার উদযাপন করেছেন নিজের দেশের ৬৯তম স্বাধীনতা দিবস।
১৯৪৭ সালের ১৫ অগাস্ট ব্রিটিস শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে ভারত।
শনিবার সকালে ঢাকার বারিধারায় ভারতীয় হাই কমিশনের নতুন চান্সেরি কমপ্লেক্সে ভারতের পতাকা উত্তোলন করেন হাই কমিশনার পঙ্কজ শরণ। পরে তিনি দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের দেওয়া একটি বার্তাও পড়ে শোনান।
স্বাধীনতা দিবসের বার্তায় প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় আন্তঃযোগাযোগ দৃঢ় করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক বিশ্বাস তৈরিতে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
শান্তি, বন্ধুত্ব ও অংশীদারিত্ব জাতি ও জনগণকে এক সুতোয় বেঁধে রাখে বলেও মন্তব্য করেন তিনি।
জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে প্রণব বলেন, “আমাদের প্রতিবেশীদের এই নিশ্চয়তা দিতে হবে যে, তাদের ভূমি আমার দেশের বিরুদ্ধশক্তিরা ব্যবহার করতে পারবে না।”
