শাহজালাল বিমান বন্দরে জব্দ ১৮টি সোনার বার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।
আটক ব্যক্তির নাম সলিমুদ্দিন। তার কাছে পাওয়া সোনার ওজন প্রায় দুই কেজি বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক মইনুল খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে দুবাই থেকে আসা ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় গ্রিন চ্যানেল এলাকায় তাকে আটকানো হয়। এরপর তল্লাশি করে দুটি পানির বোতলের ভেতরে ১৮টি সোনার বার পাওয়া যায়।”
তিনি বলেন, সোনার বারগুলো কালো স্কচটেপে মোড়ানো ছিল এবং স্ক্যানিং মেশিনকে ফাঁকি দিতে স্কচটেপের গায়ে বিশেষ ধরনের রাসায়নিক মাখানো ছিল।
ওই ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মইনুল খান।
