২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেলানীর বাবার আবেদনে ভারতের সুপ্রিম কোর্টের নোটিশ

সিবিআই বা অন্য কোনো নিরপেক্ষ সংস্থা দিয়ে ফেলানী হত্যার তদন্তসহ কয়েকটি দাবি জানিয়ে তার বাবার করা একটি আবেদন গ্রহণ করে একটি নোটিশ জারি করেছে ভারতের সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নয়া দিল্লি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 09:28 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

ভারতের কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার, ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) ও সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন-সিবিআইকে এ নোটিশ পাঠানো হয়েছে, যাতে আবেদনের দাবিগুলো নিয়ে তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে।

ভারতের প্রধান বিচারপতি এইচএল দাত্তু শুক্রবার বিএসএফের গুলিতে নিহত কুড়িগ্রামের কিশোরী ফেলানীর বাবা নুরুল ইসলাম ও ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চের (মাসুম) কীরিট রায়ের করা ওই আবেদন গ্রহণ করেন।

আবেদনে বলা হয়েছে, ফেলানীর পরিবার ন্যায়বিচার বঞ্চিত হয়েছে।

“অপরাধীর যাতে বিচার হয় সেজন্য আমরা সিবিআই বা একটি নিরপেক্ষ সংস্থার তদন্ত দাবি করছি।”

আবেদনে ফেলানীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়েছে।

চার বছর আগে কুড়িগ্রাম সীমান্তে ফেলানিকে গুলি করে হত্যার অভিযোগ থেকে বিএসএফ সদস্য অমিয় ঘোষকে অব্যাহতি দিয়ে গত জুলাইয়ে রায় দেয় বিএসএফের একটি বিশেষ আদালত।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানা ইউনিয়নের বানার ভিটা গ্রামের নুরুল ইসলাম প্রায় ১০ বছর ধরে দিল্লিতে ছিলেন। সেখানে তার সঙ্গেই থাকতো ফেলানী।

দেশে বিয়ে ঠিক হওয়ায় ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত দিয়ে বাবার সঙ্গে ফেরার পথে কাঁটাতারের বেড়ায় কাপড় আটকে যায় ফেলানীর। এতে ভয়ে চিৎকার দিলে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে এবং পরে লাশ নিয়ে যায়।

কাঁটাতারের বেড়ায় ফেলানীর ঝুলন্ত লাশের ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। পরে বাংলাদেশ সরকার ও মানবিকার সংস্থাগুলোর কড়া প্রতিবাদে বিচারের ব্যবস্থা হলেও ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর বিএসএফের আদালত আসামি বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয়।

ফেলানীর পরিবারের আপত্তিতে বিএসএফ মহাপরিচালক রায় পুনর্বিবেচনার আদেশ দিলে ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর নতুন করে শুনানি শুরু হয়। কিন্তু পুনর্বিচারে একই আদালত তাদের পুরনো রায় বহাল রাখে।

পুরনো খবর:

মানবাধিকার সংস্থার দ্বারস্থ ফেলানীর বাবা
ফেলানী হত্যার পুনর্বিচার: পরবর্তী কার্যক্রম বৃহস্পতিবার
ফেলানী হত্যার ‘পুনর্বিচার’ হবে