চট্টগ্রামে ছুরি মেরে যুবক খুন
চট্টগ্রামে ছুরিকাঘাতে নাশকতার একাধিক মামলার আসামি এক যুবককে হত্যা করা হয়েছে।
নিহত সাইদুল ইসলাম (৩০) সাগরিকা মুরগী ফার্ম এলাকার লেদু মিয়ার ছেলে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) আরেফীন জুয়েল জানান, শুক্রবার নগরীর সাগরিকার আলম পাড়ার পুকুর পাড়ে এঘটনা ঘটে।
আরেফীন জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত সাইদুলের বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগ আছে। তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় ভাঙচুর ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে।”
সাইদুল হত্যার পেছনে মাদক কারবারিদের অভ্যন্তরীণ কোন্দল রয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা।
নিহতের বড় ভাই আজাদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে এক যুবক বাসা থেকে সাইদুলকে ডেকে নিয়ে যায়। এরপর কয়েকজন যুবক তার গলায় ছুরি মেরে পালিয়ে যায়।
সাইদুল স্থানীয় যুবলীগের রাজনীতিতে ছিলেন দাবি করে আজাদ বলেন, “সে কেবল লাইনের ব্যবসার পাশাপাশি ঠিকাদারিও করত।”
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা আরেফীন বলেন, “সাইদুল এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে গত বছর দুটি এবং এবছর পাঁচটি মামলা হয়েছে। এর অধিকাংশই হাতবোমা বিস্ফোরণ ও নাশকতার মামলা।”
হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত চারজনের নাম পাওয়া গেছে জানিয়ে তাদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।
তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা যাবে না বলেও জানান তিনি।
এদিকে নিহত সাইদুলকে নিজেদের কর্মী বলে দাবি করেছেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপ্তী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুবদলের সব সাংগঠনিক কর্মকাণ্ডে সাইদুলের উপস্থিতি ছিল।”
এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলেও অভিযোগ করেন দিপ্তী।
