মদন মোহনে ছাত্র হত্যা: আঙ্গুরও রিমান্ডে
সিলেটে মদন মোহন কলেজ ছাত্র আবদুল আলী হত্যা মামলায়র আসামি আঙ্গুর মিয়াকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
শুক্রবার সিলেট মহানগর হাকিম আনোয়ারুল হক তার তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার মামলার প্রধান আসামি প্রণজিত দাশকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে পায় পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরির্দশক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, আঙ্গুর মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন জানানো হয়েছিল।
আদালত শুনানি শেষে তিন দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় বলে জানান তিনি।
ছাত্রলীগকর্মীদের মধ্যে কথা কাটাকাটির জেরে গত বুধবার সকালে ছুরিকাহত হন মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল আলী (১৯)।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওইদিনই বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার দুপুরে আব্দুল আলীর বাবা আলকাস মিয়া বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় ছাত্রলীগের নয় কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলায় পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে প্রণজিত দাশ, আঙ্গুর মিয়া, রাজীব, মাসুদ ও তাকবীরের নাম উল্লেখ করা হয়েছে। প্রণজিত ও আঙ্গুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
