২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পত্রিকার ছবি দুর্জয়কে ফিরিয়ে দিল হারানো জীবন

চার বছর আগে নিজের অজান্তে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ওপারে; এরপর মাদক বহন, অনাথ আশ্রমে আশ্রয়-এভাবে চলছিল জীবন। হঠাৎ আনন্দবাজার পত্রিকায় পুরনো দিনের ছবি দেখে নিজের ঠিকানা খুঁজে পেলেন বাংলাদেশি কিশোর দুর্জয় ভক্তি।

শিকদার খালিদ

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 12:53 AM

Updated : 12 Oct 2022, 04:09 PM

যশোর শহরের বারান্দি মোল্যাপাড়ার দুলাল ভক্তির ছেলে দুর্জয় এখন আছেন কলকাতার একটি অনাথ আশ্রমে। আনন্দবাজারের সহযোগিতায় বৃহস্পতিবার তার কাছে পৌঁছে গেছেন মা মিনতি ভক্তি।

চার বছর পর মা-ছেলের এই আবেগঘন মিলনের একটি ছবি ছেপেছে আনন্দবাজার।

পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, সকালে পেট্রাপোল সীমান্ত থেকে দুর্জয়ের মা, মামা ও এক দাদা ভারতে ঢোকেন। দুপুরে যান কলকাতার কামালগাজির ওই অনাথ আশ্রমে।

“মা-কে জড়িয়ে কাঁদতে কাঁদতে দুর্জয় বলে, ‘তোমার চেহারা এমন হয়েছে কেন মা?’ জানতে চায় পরিবারের বাকিদের কথা। বাবা-ভাইয়ের কথা।”

ইন্দ্র নারায়ণ রায় চৌধুরী নাম নিয়ে কামালগাজির ‘ইচ্ছে’ অনাথ আশ্রমে আশ্রয় নেওয়া দুর্জয় বুধবার সকালে আনন্দবাজার পত্রিকায় নিখোঁজ বাংলাদেশি এক শিশুর ছবিসহ প্রতিবেদন দেখে বুঝতে পারেন তাকেই খোঁজা হচ্ছে।

প্রতিবেদনটি আশ্রমের কর্তাদের দেখিয়ে তিনি বলেন, “ছবির এই ছেলেটিকে আমি চিনি, যে করেই হোক ছেলেটিকে দেশে ফেরাতে হবে।”

চার বছর আগের ছবি। কিছুটা ঝাপসা। শেল্টার হোমের কর্মকর্তারা বুঝতেই পারেননি, পত্রিকায় ছাপা হওয়া শিশু দুর্জয় ভক্তিই তাদের হোমের এই ইন্দ্র নারায়ণ রায় চৌধুরী।

Image
দুর্জয়ের চার বছর আগের এই ছবি ছাপা হয় আনন্দবাজার পত্রিকায়।

দুর্জয়ের চার বছর আগের এই ছবি ছাপা হয় আনন্দবাজার পত্রিকায়।

২০১১ সালের সেপ্টেম্বরে এক ঈদের আগের দিন যশোরের শার্শা উপজেলার বেনাপোলের একটি মন্দির থেকে হারিয়ে যান দুর্জয়।

অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে যশোর কোতয়ালি থানায় একটি জিডি করা হয়েছিল বলে তার মামা সুব্রত মণ্ডল জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চার বছর ধরে দুর্জয়কে খোঁজাখুঁজি করেছি, ঘুরেছি কলকাতার দ্বারে দ্বারে। কিন্তু কিছুতেই কোনো খোঁজ পাইনি।”

সুব্রতর চেষ্টাই বুধবার আনন্দবাজারে দুর্জয়কে নিয়ে ওই প্রতিবেদন প্রকাশ হয়। ভাগ্নের কোনো খোঁজ মিললে জানাতে পত্রিকাটির অফিসে নিজের মোবাইল নম্বর রেখে এসেছিলেন তিনি।

বুধবার সকালে ওই প্রতিবেদন দেখার পর স্কুল শেষে বিকেলে শিয়ালদাহ স্টেশনে একটি স্বেচ্ছাসেবী সংস্থার অফিসে হাজির হন দুর্জয়। পূর্বপরিচিত সেখানকার এক কর্মীকে অনুরোধ করেন তাকে আনন্দবাজার পত্রিকার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে।

এরপর ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের তৎপরতায় বুধবারই তাদের অফিসে বসে মামার সঙ্গে কথা বলেন দুর্জয়। দীর্ঘ চার বছর পর এই প্রথম বাড়ির কারও সঙ্গে কথা।

“মামা কবে নিতে আসবা?,” প্রশ্ন রেখেই দুর্জয় অঝোরে কাঁদতে থাকেন বলে তার মামা সুব্রত জানান।

‘চার বছর কেমন ছিলেন দুর্জয়’

বুধবার বিকেলে দুর্জয়ের মুখ থেকে শোনা ঘটনাগুলো নিয়ে বৃহস্পতিবার একটি প্রতিবেদন ছেপেছে আনন্দবাজার।

এতে বলা হয়, ২০১১ সালে পরিবারের সঙ্গে পাটবাড়ি মন্দিরে উৎসবে গিয়ে লুকোচুরি খেলতে খেলতে সীমান্তের কাছে চলে যান দুর্জয়। এক পর্যায়ে হঠাৎ আশপাশের লোকজন ছুটোছুটি শুরু করে। তিনিও ছুট লাগান।

“একটা লোক আমাকে নিয়ে ছুটতে থাকে। অনেকক্ষণ ছোটার পর সে আমায় বলে, তুই ভারতে ঢুকে গিয়েছিস। আর ফিরতে পারবি না,” দুর্জয়কে উদ্ধৃত করে বলা হয়েছে প্রতিবেদনে।

এরপর সেই লোকটার সঙ্গে কলকাতায় চলে যান দুর্জয়।

Image
পত্রিকায় নিজের ছবি দেখে কান্নারত দুর্জয়। আনন্দবাজার পত্রিকায় ছাপা হয়েছে ছবিটি।

পত্রিকায় নিজের ছবি দেখে কান্নারত দুর্জয়। আনন্দবাজার পত্রিকায় ছাপা হয়েছে ছবিটি।

“ওই লোকটার সাথেই থাকতো সে। তাকে মাদক পাচারের কাজে লাগাত লোকটা। তার সঙ্গেই ট্রেনে চেপে নানা জায়গায় ঘুরেছে দুর্জয়,” বলেছে আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, মাদক পাচারের কাজ ভাল না লাগায় একদিন সেখান থেকে পালিয়ে আসেন দুর্জয়। শিয়ালদহে এসে পুলিশের কাছে গিয়ে নিজেকে ইন্দ্রনারায়ণ রায় চৌধুরী বলে পরিচয় দেন।

বাংলাদেশের কথা বা বাবা-মায়ের কথা বললে জেলে ঢোকাবে বলে ভয় দেখিয়ে পুলিশকে ওই নাম বলতে শিখিয়েছিলেন মাদক ব্যবসায়ী ওই ব্যক্তি।

এরপর পুলিশ তাকে হাওড়ার মালিপুকুর হোমে পাঠিয়ে দেয়।

“ওখানে পঁচা খাবার দিত, পোকাও থাকত। নোংরা জামাকাপড় দিত। কিছু বললেই মারতো, কেটে গেলে সেখানে লবণ দিত,” দুর্জয়কে উদ্ধৃত করে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়।

এক পর্যায়ে মালিপুকুর হোমের কর্মকর্তাদের কাছে নিজের আসল পরিচয় দিলে অত্যাচার আরও বেড়ে যায় বলে জানান দুর্জয়।

পরে সেখান থেকে পালিয়ে আসেন তিনি। এরপর শিয়ালদাহ স্টেশনে গিয়ে সেখানকার এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ হয়। সেখান থেকে তাকে পাঠানো হয় দক্ষিণ চব্বিশ পরগনার কামালগাজিতে ‘ইচ্ছে’ নামের ওই অনাথ আশ্রমে।

সেখানে একটি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পান দুর্জয় ভক্তি। বর্তমানে ষষ্ঠ শ্রেণিতে পড়ছেন তিনি।

সন্ধ্যায় তাদের যশোরের বাড়িতে গেলে প্রতিবেশী গণেশ কুমার শীল জানান, বিকেল ৫টার দিকে সুব্রত মণ্ডলের সঙ্গে কথা হয়েছে তার। তারা দুর্জয়ের দেখা পেয়েছেন।

দুর্জয়ের বাবা দুলাল ভক্তি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন বলে জানান তিনি।