আসিফ মহীউদ্দীন হত্যাচেষ্টার আসামিকে তুলে নেওয়ার অভিযোগ
ব্লগার আসিফ মহীউদ্দীন হত্যাচেষ্টা মামলায় জামিনে থাকা এক যুবককে নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডের পর পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে।
সাদ আল নাহিন নামে ওই যুবক শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাস্তে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়েন, থাকেন রাজধানীর উত্তরায় একটি বাসা ভাড়া নিয়ে।
নাহিনের বাবা প্রতিমন্ত্রীর ভাই নজরুল হক কিশোরগঞ্জের একটি স্কুলের শিক্ষক। তিনি কিশোরগঞ্জের তাড়াইলের দাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
এই সপ্তাহের শুরুতে নাহিনকে উত্তরার বাসা থেকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছেন তার বাবা নাজমুল হক। তার আগে গত শুক্রবার খুন হন নিলয়।
তবে গোয়েন্দা পুলিশ নাহিন নামের কাউকে গ্রেপ্তার করেনি বলে জানিয়েছে। একই কথা বলেছে র্যাবও।
নজরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত শনি বা রোববার গোয়েন্দা পুলিশ পরিচয়ে এসে একটি মামলায় জিজ্ঞাসাবাদের কথা বলে আমার ছেলেকে নিয়ে যায়। এরপর আমরা আর তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি।”
নাহিনকে তুলে নেওয়ার খবর ছোট ভাই নাজমুলের কাছ থেকে শুনেছেন বলে জাতীয় পার্টির নেতা মুজিবুল হক চুন্নু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, “এই সপ্তাহের শুরুতে আমার ভাই ফোন করে জানিয়েছিল, নাহিনকে গোয়েন্দা পুলিশ কোনো একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। এরপর থেকে নাহিনের বাবার সঙ্গে আমার আর যোগাযোগ হয়নি।”
“আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, কেউ যদি কোনো অপরাধে জড়িয়ে থাকে, আইন অনুযায়ী তার বিচার হোক, এটা আমার প্রত্যাশা,” বলেন এই প্রতিমন্ত্রী।
নজরুল হক বলেন, আগের একটি মামলায় নাহিনকে গ্রেপ্তার করা হয়েছিল। জামিন পাওয়ার পর ওই মামলার তদন্ত কর্মকর্তা একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন ধরনের তথ্য চাইতেন।
“নাহিদ তাকে সাধ্যমতো সাহায্যও করত,” বলেন তার বাবা। তার সন্দেহ, গোয়েন্দা পুলিশই নাহিনকে জিজ্ঞাসাবাদের কথা বলে আটকে রেখেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, ২০১৩ সালে উত্তরায় ব্লগার আসিফ মহীউদ্দীনের উপর হামলার পর নাহিন গ্রেপ্তার হয়েছিলেন। এক বছরের বেশি সময় কারাবাসের পর তিনি জামিনে ছাড়া পান।
আসিফ মহীউদ্দীন হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাহিন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। তারা কয়েকজন ব্লগার আসিফ মহীউদ্দীনকে হত্যা করতে চেয়েছিলেন বলে স্বীকার করেন।”
তবে এবার নাহিনকে গ্রেপ্তারের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন এই গোয়েন্দা কর্মকর্তা।
“আমার টিম তাকে আটক করে নাই। অন্য কোনো টিম করেছে কি না, আমার জানা নেই।”
এই বিষয়ে জানতে চাইলে ডিএমপির উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাহবুব আলমের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোয়েন্দা পুলিশ নাহিন নামের কাউকে আটক করেছে বলে জানা নেই।”
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খানও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্লগার নিলয় হত্যায় জড়িত থাকার অভিযোগে র্যাব কাউকে আটক করেনি।”
নিলয় হত্যাকাণ্ডের আগে এই বছর তিনজন ব্লগারকে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডে আনসারুল্লাহ বাংলা টিম জড়িত বলে গোয়েন্দাদের সন্দেহ।
দুই বছর আগে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডের মাস খানেক আগে হামলা হয়েছিল আসিফ মহীউদ্দীনের উপর।
