২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু রাহাত হত্যা: আসামির জন্য আইনজীবী নয়

শিশু রাহাত হত্যা মামলায় আসামিদের পক্ষে কোনো আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছেন শেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 05:52 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

বৃহস্পতিবার সকালে জেলা আদালত ফটকে মানববন্ধন কর্মসূচিতে এ ঘোষণা দেন আইনজীবীরা।

মানববন্ধনে আইনজীবীরা স্কুলছাত্র রাহাতের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এইচ আর জাহিদ আনোয়ার, জেলা আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল মানছুর স্বপন, শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি গোলাম কিবরিয়া বুলু প্রমুখ।

গত ২ অগাস্ট দুপুরে শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আরাফাত ইসলাম রাহাতকে (৮) অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।

ওইদিন বিকালেই রাহাতকে হত্যা করা হয়। ৮ অগাস্ট দুপুরে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকো পার্কের কাছে রাহাতের শরীরের বিভিন্ন অংশ ও কাপড়-চোপড় পাওয়া যায়।

ওই ঘটনায় পুলিশ রাহাতের খালু মো. আব্দুল লতিফ (২২), লতিফের বন্ধু আসলাম মিয়া (২১), রবিন মিয়া (২০) ও ইমরান হাসানকে (২১) গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা অপহরণ পরিকল্পনা ও হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

রাহাত শহরের গৃদানারায়ণপুর এলাকার কাঠের আসবাপত্র ব্যবসায়ী শহিদুল ইসলাম ও গৃহবধূ রিনা বেগমের ছেলে।