২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্তাহার-লালমনিরহাট রেল রুটে দুরবস্থা

জনবল সংকটের কারণে পশ্চিমাঞ্চল রেলওয়ের সান্তাহার থেকে লালমনিরহাট এলাকায় ৩১টি স্টেশনের মধ্যে অন্তত ১৬টির কার্যক্রম চলছে নানা সমস্যার মধ্য দিয়ে।  

তাজুল ইসলাম রেজা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 02:29 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

এ কারণে আন্তঃনগর ও লোকাল ১৪টি ট্রেন ঝুঁকি নিয়ে চলছে বলে স্থানীয় বাসিন্দা ও রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

তবে, লোকবল নিয়োগ দিয়ে এ সমস্যা নিরসন করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

গাইবান্ধা রেল স্টেশন মাস্টার আবুল কাশেম সরকার জানান, লোকবল কম থাকায় টিকিট বিক্রি, সিগন্যাল ওঠানো-নামানো, লাইন পরিবর্তন, স্টেশনের নানা সংস্কার কাজ, যাত্রীদের নানা সেবা প্রভৃতিতে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।

“সমস্যায় পড়া ১৬টি স্টেশন হচ্ছে গাইবান্ধার হাসানগঞ্জ, নলডাঙ্গা, কূপতলা, ত্রিমোহিনী, বাদিয়াখালী, মহিমাগঞ্জ ও শালমারা। রংপুরের মহেন্দ্রনগর, অন্নদানগর ও চৌধুরানী। বগুড়ার ভেলুরপাড়া, সৈয়দ আহম্মদ কলেজ, কাহালু, পাঁচপীর মাজার, আলতাফনগর ও নশরৎপুর।”

এসব স্টেশনের কোনোটাতে স্টেশন মাস্টার নেই, কোনোটাতে পয়েন্টসম্যান নেই বলে জানান কাশেম সরকার।

তিনি বলেন, প্রতিটি স্টেশনে তিনজন স্টেশন মাস্টার, দুজন পোর্টার, চারজন পয়েন্টসম্যান, একজন ঝাড়ুদারসহ অন্তত ১০ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা। অথচ এসব স্টেশনে এক কী দুজন করে কর্মচারী আছেন।

এ কারণে আন্তঃনগর ও লোকাল মিলে ১৪টি ট্রেন ঝুঁকি নিয়ে চলছে বলে জানান তিনি।

লালমনিরহাটের বিভাগীয় ট্রাফিক সুপারিনটেনডেন্ট (ডিটিএস) মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন টেকনিক্যাল পদে নিয়োগ করা হলেও বাণিজ্যিক ও অপারেশনাল পদে লোক নিয়োগ হচ্ছে না। চুক্তিভিত্তিক নিয়োগের প্রক্রিয়াও মামলার কারণে আটকে গেছে।

“এতে পরিস্থিতি কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না।”

খুব দ্রুত নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করে এ সমস্যার সমাধান করা হবে বলেও জানান তিনি।

সরেজমিনে দেখা গেছে, মহিমাগঞ্জ স্টেশনে দুটি লাইনের মধ্যে একটি খুলে রাখা হয়েছে। অন্য লাইনটি আগাছায় ঢেকে গেছে। স্টেশন মাস্টারের কার্যালয় তালাবদ্ধ।

ট্রেনের জন্য অপেক্ষমাণ মহিমাগঞ্জ এলাকার ব্যবসায়ী মনজুর হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বগুড়া মেইল দুপুর ১২টায় এখানে আসার কথা। সাড়ে ১১টায় স্টেশনে এসেছি। বেলা দেড়টা পর্যন্ত অপেক্ষা করলাম।

“পরে ট্রেনটি কোথায়, সেটি জানতে গিয়ে দেখি স্টেশন মাস্টারের কার্যালয় তালাবন্ধ। টিকিট দেওয়ার কেউ নেই।”

এরপর বেলা আড়াইটার দিকে ট্রেন এলে বিনা টিকিটেই তাকে ভ্রমণ করতে হবে বলে জানান তিনি।

স্টেশনের প্ল্যাটফরমের পানের দোকানি ধলু মিয়া বলেন, “ইচ্ছেমতো ট্রেন আসছে, ইচ্ছেমতো যাচ্ছে। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।”

এখানে কর্মরত রেলের পোর্টার সাইফুল ইসলাম বলেন, “জীবনের ঝুঁকি নিয়ে আমি একাই স্টেশনের সম্পদ পাহারা দিচ্ছি।”

একই অবস্থা নলডাঙ্গা স্টেশনের। এখানে দীর্ঘদিন ধরে কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। এই স্টেশনে তিনটি লাইনের মধ্যে প্রথম লাইনটি চালু রাখা হয়েছে। অন্য দুটি ট্রেন চলাচল না করায় আগাছায় ঢেকে আছে। স্টেশন মাস্টারের কার্যালয় তালাবন্ধ।

স্টেশনসংলগ্ন ব্যবসায়ী জোহা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোন ট্রেন কখন আসে, তা জানার কোনো উপায় নেই। বিশেষত স্টেশনে কর্মকর্তা-কর্মচারী না থাকায় একটি লাইন চালু রাখা হয়েছে। এ কারণে দূরবর্তী স্টেশনে ট্রেনের ক্রসিং করা হচ্ছে। ফলে নির্দিষ্ট সময়ে স্টেশনে এসেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

নলডাঙ্গা ডিগ্রি কলেজের কর্মচারী শাহীন মিয়া বলেন, টিকিট বিক্রির লোক নেই। বিনা টিকিটে ভ্রমণ করে জরিমানাসহ ভাড়া দিতে হচ্ছে।

নলডাঙ্গা থেকে কূপতলা স্টেশনে গিয়েও দেখা গেল একই অবস্থা।

এখানে আগে থেকেই লাইন একটি। প্ল্যাটফর্ম নেই। মাস্টারের কার্যালয় বন্ধ। সেখানে কিছু যাত্রী আড্ডা দিচ্ছেন।

কূপতলা গ্রামের স্কুল শিক্ষক আব্দুল জোব্বার আকন্দ বলেন, আগে মোবাইল ফোনে শুনে মাস্টার ট্রেন আসার ঘণ্টা বাজাতেন। এখন তা নেই।