২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বিকাশ এজেন্টকে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই

মানিকগঞ্জে বিকাশের এক প্রতিনিধির পায়ে গুলি করে প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।  

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 01:51 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

মঙ্গলবার সকাল ১১টার দিকে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিলল্ড বাজারে এ ঘটনায় ছিনতাইকারীদের গুলিতে এক রিকশাচালকও আহত হয়েছেন।   

আহত বিকাশ এজেন্ট মঈন বিশ্বাস (২৪) ও রিকশাচালক মজনুকে (৪৫) উপজেলা সদর হাসপাতালে চিকিৎস দেওয়া হচ্ছে বলে সদর থানার ওসি আমিনুর রহমান জানান।

মঈনের বাঁ পায়ের হাঁটু এবং মজনুর ডান পায়ে হাঁটুর নিচে গুলি লেগেছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আমিনুর রহমান জানান, সকালে মঈন গিলন্ড বাজারে ‘জি স্যাটেলাইট টেলিকম’ নামের একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন।

“এ সময় একটি প্রাইভেটকারে করে ৪-৫ জন যুবক সেখানে গিয়ে মঈনের পায়ে গুলি করে তার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। পালানোর সময় রিকশাচালক মজনু ওই প্রাইভেটকারের সামনে পড়লে তাকেও গুলি করা হয়।”

ছিনতাই হওয়া ব্যাগে ২ লাখ ৯২ হাজার টাকা ছিল বলে মঈন পুলিশকে জানিয়েছেন। ছিনতাইকারীদের ধরার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।