টাঙ্গাইলের মেয়র মুক্তির বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগপত্র
টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তিসহ তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।
মেয়র মুক্তি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাংসদ আমানুর রহমান খান রানার ছোট ভাই। স্থানীয় আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় পলাতক আছেন রানা ও মুক্তি।
পুলিশের গোয়েন্দা বিভাগের ওসি গোলাম মাহফিজুর রহমান জানান, গত ৩০ জুলাই কাদের জোয়ার্দ্দার নামে একজনকে আটকের পর তার তথ্যের ভিত্তিতে ওই দিনই টাঙ্গাইল সদরের পোড়াবাড়ি গ্রামে তার বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়।
“জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায়, কয়েক মাস আগে শহরের কলেজ পাড়া এলাকায় মেয়রের বাসার এই অস্ত্র দুটি তাকে দেওয়া হয়েছিল। মেয়রের সামনে অস্ত্র দুটি তার কাছে হস্তান্তর করেন মেয়রের দেহরক্ষী হিসেবে পরিচিত নাসির উদ্দিন নূর।”
এই মামলায় মেয়র মুক্তির সঙ্গে কাদের ও নূরের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে বলে জানান তিনি।
তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, “মেয়রসহ তিনজনের বিরুদ্ধেই অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রাখা, সরবরাহ ও নিয়ন্ত্রণের অভিযোগ আনা হয়েছে।”
স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী, কোনো জন প্রতিনিধির বিরুদ্ধে ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হলে মন্ত্রণালয় তাকে ওই পদ থেকে বরখাস্ত করতে পারে।
ওসি আরও জানান, গত বছর ২৭ ডিসেম্বর মেয়র মুক্তির মামাতো ভাইয়ের ছেলে পুনমকে চারটি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এই মামলায়ও আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে, যাতে মেয়রের অপর দুই ভাই ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
