২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ের ছিটমহলগুলোকে ৫টি ইউনিয়ন ঘোষণার দাবি

সদ্য বিলুপ্ত পঞ্চগড়ের ছিটমহলগুলোতে পাঁচটি ইউনিয়ন পরিষদ ঘোষণার দাবি জানিয়েছেন নবগঠিত নাগরিক অধিকার সমন্বয় কমিটি (সিআরসিসি)।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 11:00 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

বুধবার বিকালে পঞ্চগড় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সিআরসিসি’র পঞ্চগড়-নীলফামারী জেলা সভাপতি মফিজার রহমান।

পরে এ দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়।

মফিজার রহমান বলেন, “দীর্ঘদিন ধরেই আমরা বঞ্চিত ও অবহেলিত হয়ে আছি। ছিটমহল বিনিময় হওয়ার পর উন্নয়ন ও অধিকার পেতে নিজেদের কাঠামোতেই আমরা অগ্রসর হতে আগ্রহী। এজন্যই এখানে পাঁচটি ইউনিয়ন পরিষদ ঘোষণার দাবি জানাচ্ছি।”

দাবি বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি না পেলে আন্দোলনে নামার ঘোষণা দিয়ে তিনি বলেন, বিলুপ্ত ছিটমহলবাসী দাবি আদায়ে যৌক্তিক ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে।

সংবাদ সম্মেলনে সিআরসিসির সদস্য আলতাফুর রহমান, শফিকুল ইসলাম কাজল, রাব্বুল আলম, আব্দুল খালেক, মকলেছার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

যেসব ছিটে ইউনিয়ন ঘোষণার দাবি জানানো হয়েছে পঞ্চগড়ের গারাতিতে একটি, বোদা উপজেলার নাজিরগঞ্জ দইখাতায় একটি, সম্মিলিত শালবাড়ি, কাজলদীঘি, বেউলাডাঙ্গা ও নাটকটোকায় একটি, দেবীগঞ্জ উপজেলার দহলা খাগাড়াবাড়িতে একটি এবং বালাপাড়া ও কোটভাজনীতে একটি।