অস্ত্রসহ তালিকাভুক্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার
নোয়াখালীতে অস্ত্র ও মাদকসহ তালিকাভুক্ত দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার গভীররাতে সেনবাগ উপজেলার উত্তর বিজবাগ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান।
এরা হলেন, সিরাজ পাটোয়ারী ওরফে বোমা পাটোয়ারী (৩০)ও আনোয়ার হোসেন হারুন(২৭)।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীররাতে গোয়েন্দা পুলিশের একটি দল উত্তর বিজবাগ গ্রামের সোয়া গাজীর বাড়িতে অভিযান চালিয়ে থেকে তাদের গ্রেপ্তার করে।
এ সময় উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, ৫২ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রির এক লাখ ৮২ হাজার ৮২৫ টাকা একটি মোটরসাইকেল।
“সিরাজ ও আনোয়ার সেনবাগ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী এবং তাদের বিরুদ্ধে সেনবাগসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।”
তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আরও একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
