বাড়ি যাচ্ছেন মিয়ানমার ফেরত ১৪২ জন
চতুর্থ দফায় মিয়ানমার থেকে ফেরত আসা ১৫৯ জনের মধ্যে বাকি ১৪২ বাংলাদেশিকে বাড়ি পাঠানো হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তারা কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র ত্যাগ করেছেন বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ ।
এর আগে আদালতের নির্দেশে সোমবার রাতে ১৭ শিশু-কিশোরকে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়।
আইওএমর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানান, বুধবার দুপুর ১টায় ১৪২ জনকে নিজ নিজ বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়। আইওএম তাদের বাড়ি পৌঁছে দিতে আর্থিক সহায়তাসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
বাড়ি অভিমুখে রওয়ানাকারীদের মধ্যে নরসিংদীর ৭২ জন, চট্টগ্রামের ১৬ জন, হবিগঞ্জের ১৭ জন, কিশোরগঞ্জের ১৩ জন, নারায়ণগঞ্জের সাতজন, ফরিদপুরের ১১ জন, শরীয়তপুরের তিনজন, নওগাঁর দুইজন ও নাটোরের একজন বাসিন্দা রয়েছেন বলেও জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, সোমবার বিকালে ১৫৯ বাংলাদেশিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আনার পর রাতের মধ্যেই ইমিগ্রেশন সংশ্লিষ্ট কাজ শেষ করা হয়। এরপর পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তথ্য সংগ্রহের জন্য বুধবার সকাল পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করেন।
গত সোমবার দুপুরে ‘বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু’ দিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টের বিপরীতে মিয়ানমারের ঢেঁকিবুনিয়ায় ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রি ডিপার্টমেন্টের সঙ্গে বিজিবির এক পতাকা বৈঠকের পর ১৫৯ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়।
গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ২০৮ জন এবং ২৯ মে আরও ৭২৭ জন অভিবাসী প্রত্যাশীদের উদ্ধার করে দেশটির নৌ-বাহিনী, যার মধ্যে ৮ জুন ও ১৯ জুন এবং ২২ জুলাই তিন দফায় ৩৪২ জনকে বাংলাদেশে ফেরত আনা হয়।
