২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার ফেরত ১৭ শিশু ফিরছে বাড়ি

চতুর্থ দফায় মিয়ানমার থেকে ফেরত আনা ১৫৯ বাংলাদেশির মধ্যে থাকা ১৭ জন শিশু-কিশোরকে রেড ক্রিসেন্ট সোসাইটির তত্ত্বাবধানে স্বজনদের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 09:23 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুশান্ত প্রসাদ চাকমা  এ আদেশ দেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তা আসিফ মুনীর জানান, ১৭ জন শিশু-কিশোরকে আদালতের নির্দেশে রেড ক্রিসেন্টের জিন্মায় অভিভাবকদের কাছে হস্তান্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অপর ১৪২ জনকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করবে আইওএম।

তবে মিয়ানমার থেকে ১৫৯ বাংলাদেশিকে দেশে ফেরত আনার আগে ও সোমবার আইওএম-র কর্মকর্তা আসিফ মুনীর শিশু-কিশোর সংখ্যা ১৬ জন জানালেও পরে তা বাড়িয়ে ১৭ জন দেখানো হয়েছে।

তিনি জানান, পররাষ্ট্র ও স্বরাষ্ট মন্ত্রণালয়ের করা ফেরত আনার তালিকায় ১৬ জন শিশু-কিশোরের কথা উল্লেখিত ছিল। ফেরত এনে প্রশাসনের পক্ষ থেকে যে তালিকা আইওএমকে দেয়া হয়েছে তাতে শিশু-কিশোরের সংখ্যা উল্লেখ করা হয়েছে ১৭ জন।

এ দফায় আসা অপর ১৪২ জনকে প্রশাসনিক কাজ শেষে বুধবার বিকালের মধ্যে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।

রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের সভাপতি নুরুল আবছার জানান, মিয়ানমার থেকে ফেরত আনা ১৫৯ জনের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক ছিল ১৭ জন। এদেরকে মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আদালতে হাজির করেন।

রেড ক্রিসেন্ট সোসাইটির তত্ত্বাবধানে এসব শিশু-কিশোরকে বাড়িতে অভিভাবকদের হাতে হস্তান্তরের পর আদালতের কাছে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেয় আদালত।

নরসিংদী, ফরিদপুর, বরিশাল, চট্টগ্রাম ও নারায়নগঞ্জ নিবাসী এই শিশুরা মঙ্গলবার রাতে বাড়ির উদ্দেশ্যে কক্সবাজার ছাড়ছে বলে জানান তিনি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, ফেরত আনা ১৫৯ বাংলাদেশিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে পৌঁছানোর পর ইমিগ্রেশন সংশ্লিষ্ট কাজ শেষ করা হয়েছে। এখন তাদের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য জিজ্ঞাসাবাদ চলছে।

বুধবার সকালের মধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শেষ হবে। এরপরই আইওএম-র সহায়তায় তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

গত সোমবার দুপুরে ‘বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু’ দিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টের বিপরীতে মিয়ানমারের ঢেঁকিবনিয়ায় ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিস্ট্রি ডিপার্টমেন্টের সঙ্গে বিজিবির এক পতাকা বৈঠকের পর ১৫৯ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়।

গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ২০৮ জন এবং ২৯ মে আরো ৭২৭ জন অভিবাসী প্রত্যাশীদের উদ্ধার করে দেশটির নৌ-বাহিনী। যার মধ্যে ৮ জুন ও ১৯ জুন এবং ২২ জুলাই তিন দফায়  ৩৪২ জনকে বাংলাদেশে ফেরত আনা হয়।