২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে কৃষক হত্যায় ৫ জনের যাবজ্জীবন

নীলফামারীতে এক কৃষককে হত্যার দায়ে পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 04:09 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

বুধবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহাবুবুল আলম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ডোমার উপজেলার খুশিপুর গ্রামের সামছুদ্দিন (৬০), রফিকুল ইসলাম (৩৫), ফজলার রহমান (৫০), আশরাফ আলী (৪০) ও বিশাদু মাহমুদ (৫০)।

একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে।

মামলার নথি থেকে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের খুশিপুর গ্রামের কৃষক লুৎফর রহমানকে (৫০) আমবাড়ি বাজার থেকে ধরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

পরে পার্শ্ববর্তী ডিমলা উপজেলার দক্ষিণ বালাপাড়া গ্রামের মফিজ উদ্দিন সরকারের পুকুর পাড়ে তার লাশ পাওয়া যায়।

পরদিন লুৎফরের স্ত্রী আম্বিয়া বেগম বাদী হয়ে আট জনকে আসামি করে হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পাঁচ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আহমেদ জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও নগদ অর্থ দণ্ডাদেশ দিয়েছেন বিচারক।