‘সমাজের বাধায় মূলধারায় আসছে না প্রতিবন্ধীরা’
সামাজিক প্রতিবন্ধকতার কারণে প্রতিবন্ধীদের মূলধারায় আনা যাচ্ছে না বলে মনে করেন শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
মঙ্গলবার রাজধানীতে প্রতিবন্ধীদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “প্রতিবন্ধীদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সামাজিক প্রতিবন্ধকতা। এমনকি বাবা-মা’রা প্রতিবন্ধী শিশুকে সামাজিক কারণে সামনে আনতে চান না।”
এই ধরনের মানসিকতার পরিবর্তন ও শিশুদের প্রতি ভালবাসা বাড়ানো ছাড়া তাদের স্বাভাবিক ধারায় আনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভার বিষয়বস্তু ছিল ‘অটিস্টিক, বুদ্ধি ও বহুমাত্রিক প্রতিবন্ধী ব্যক্তির শিক্ষা, মানবাধিকার, লিঙ্গ-বৈষম্য, সুশাসন ও উন্নয়ন’।
মেহের আফরোজ চুমকি বলেন, “পরিবার, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, শিক্ষকদের সহযোগিতার হাত বাড়াতে হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। এখানে জানা-বোঝার ঘাটতি হচ্ছে।”
প্রধানমন্ত্রীর মেয়ে সায়েমা ওয়াজেদ হোসেনের ভূমিকার কথা উল্লেখ করে চুমকি বলেন, “তার কাজ নিয়ে, তাকে নিয়ে কিছু বলেন না আপনারা। ভাল কাজ নিয়ে বলা উচিত। প্রতিবন্ধীদের নিয়ে কাজে তিনি তো জাতিসংঘের স্বীকৃতিও পেয়েছেন।”
শিশু গর্ভে থাকাকালে বা জন্মের পরপরই তার প্রতিবন্ধিত্ব শনাক্ত করার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে মেহের আফরোজ বলেন, “মন্ত্রণালয় থেকে দেশের প্রতিটি এলাকায় প্রতিটি শিশুর জন্মের পরই প্রতিবন্ধী কি না শনাক্ত করার কাজ করব আমরা।”
সভায় প্রতিমন্ত্রী সাম্প্রতিক সময়ে দেশজুড়ে শিশু হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, “আইনের সঠিক প্রয়োগ হলে শিশু হত্যা বন্ধ হবে। যত দ্রুত এসব ঘটনার বিচার হবে তত মঙ্গল।”
যৌথভাবে এই সভার আয়োজন করে বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন, সোসাইটি ফর এডুকেশন অফ দ্য ডিসঅ্যাবল-সীড, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট এবং ডিসএবিলিটি রাইটস ফান্ড।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম বলেন, “সরকারি সব সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবে যেন প্রতিবন্ধীরা ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞা। এ বিষয়ে যেন গাফিলতি না হয় সরকার তা নিয়ে সচেতন।”
স্টেপস টুওয়ার্ডস এর নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার বলেন, “বিষয়টি নিয়ে যত আলোচনা হবে ততই সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা সম্ভব হয়ে উঠবে।”
সভায় বক্তারা প্রতিবন্ধীদের চলাচল, শিক্ষা, স্বাস্থ্য ও যৌন নির্যাতন বন্ধের বিষয়ে আরও গুরুত্ব দিয়ে কাজ করতে হবে বলে মত দেন।
শিক্ষার বর্তমান পরিবেশ ও শিক্ষকরা প্রতিবন্ধী-বান্ধব না বলেও সভায় অভিযোগ করেন কেউ কেউ।
