২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ তদন্ত নিয়ে আবার অসন্তোষ ট্রাইব্যুনালের

যুদ্ধাপরাধ মামলার তদন্ত সংস্থার দক্ষতা নিয়ে আবারও অসন্তোষ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 10:22 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

মঙ্গলবার বাগেরহাটের রাজাকার নেতা শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার এবং খান আকরাম হোসেনের যুদ্ধাপরাধ মামলার রায়ে এ প্রসঙ্গে কথা বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আসামিপক্ষের এক আইনজীবীর যুক্তির আলোচনায় রায়ে বলা হয়, একই ঘটনার বিচারে সব অপরাধীকে না আনায় তদন্ত সংস্থা বা প্রসিকিউশনের ব্যর্থতা সন্দেহাতীতভাবেই হতাশাজনক, অপ্রত্যাশিত।

“মামলার এ ধরনের অমনোযোগী তদন্তে অসন্তোষ প্রকাশে আমরা নিজেদেরকে সীমিত রাখছি।”

এর আগে গত ২০ মে চাঁপাইনবাবগঞ্জের রাজাকার মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর মামলার রায়েও তদন্ত নিয়ে অসন্তোষ জানিয়ে ওই তদন্ত কর্মকর্তাকে মানবতাবিরোধী অপরাধের আর কোনো মামলার দায়িত্ব না দিতে বলা হয়।

যুদ্ধাপরাধের যে অভিযোগে ১৯৭২ সালে দুজনের সাজা হয়েছিল ট্রাইব্যুনালের মামলায় নতুন করে সেই অভিযোগ যুক্ত করায় রায়ে তদন্ত কর্মকর্তাকে ‘অযোগ্য’ বলে অভিহিত করেছিল আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাকে জবাবদিহি করা উচিত বলেও রায়ে বলা হয়েছিল।

এর আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় আপিল বিভাগে সাজা কমে যাওয়ার পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

মানবতাবিরোধী অপরাধের কোনো একটি ঘটনায় দায়ী সবাইকে একসঙ্গে বিচারের আওতায় না আনার জন্য তদন্ত সংস্থার সমালোচনা করে ট্রাইব্যুনাল বলেছে, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ অনুসারে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল না হলে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে প্রক্রিয়া শুরু করতে পারে না বা অভিযোগ গঠন করতে পারে না।”

তবে একটি ঘটনায় অন্যরা না এলেও কোনো এক/দুজনের বিরুদ্ধে অভিযোগ পেলে তার বিচারে বাধা নেই বলে ট্রাইব্যুনাল বলেছে।

মঙ্গলবারের রায়ে বলা হয়, আসামিপক্ষের আইনজীবী একটি আইনগত প্রশ্ন তুলেছেন, অপরাধস্থলে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে উপস্থিত থাকা রাজাকার ও সহযোগী কুকর্মকারীদের অনেকে এখনও জীবিত আছেন, যাদের প্রসিকিউশন বা তদন্ত সংস্থা তালিকায় আনেনি।

এভাবে তার মক্কেলের বিরুদ্ধে ‘পিক অ্যান্ড চুজ’র ভিত্তিতে প্রসিডিংস শুরু করা ‘অসাধু উদ্দেশ্যপ্রসূত’ এবং তা গোটা বিচার প্রক্রিয়াকে ‘নষ্ট করে দিচ্ছে’ বলে অভিযোগ করেন আসামির আইনজীবী।

তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও এ প্রসঙ্গে ট্রাইব্যুনাল বলে, “তিয়াত্তরের আইন পর্যালোচনা করে আমরা এটা পাইনি যে, কোনো একটি অপরাধের সব সংঘটনকারীদের অবশ্যই একই বিচারে আনতে হবে, এটা করতে ব্যর্থ হলে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেটাও নষ্ট হয়ে যাবে।”

ট্রাইব্যুনালে এই প্রসঙ্গটি উঠিয়েছিলেন দণ্ডিত যুদ্ধাপরাধী খান আকরামের আইনজীবী এম সারওয়ার হোসেন।

রায়ের পর তিনি বলেন, “আমি বলেছিলাম, এখানে পিক অ্যান্ড চুজ হয়েছে। ট্রাইব্যুনাল বলেছে, অনেকের নাম আছে, যাদেরকে আনা হয় নাই, এটা প্রসিকিউশনের ব্যর্থতা। কিন্তু ট্রাইব্যুনালের কোনো অথরিটি নাই তাদের বিরুদ্ধে চার্জ আনা।”

তিনি বলেন, বাগেরহাটে ৬১২ জন রাজাকারের তালিকা তদন্ত সংস্থা দিলেও সদরের কোনো তালিকা তারা দেয়নি। কচুয়ার ১১১ জন রাজাকারের তালিকা দিয়েছে, সেখানে লতিফ তালুকদারের ক্রমিক নাম্বার ছিল ৮৬ এবং খান আকরামের ছিল ১০৬।

“কচুয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বেঁচে আছেন। ধারণা করা হয়, এর ৮০ ভাগ বেঁচে আছেন। সেই ক্যাম্পের অন্যান্য রাজাকারদের বাদ দিয়ে আপনি ৮৬ ও ১০৬ নম্বরকে আনলেন!”

“খান আকরাম যদি রাজাকার হয়েও থাকেন, তাহলে তালিকার প্রথম দিকের লোকজনকে না এনে তাদের কেন আনা হল”- প্রশ্ন করেন আসামির আইনজীবী।