২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কসাই’ সিরাজের প্রাণদণ্ড, আমৃত্যু কারাদণ্ড আকরামের

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা-গণহত্যার মত মানবতাবিরোধী অপরাধের দায়ে বাগেরহাটের রাজাকার নেতা শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 12:27 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

পুরনো খবর:

যুদ্ধাপরাধ তদন্ত নিয়ে আবার অসন্তোষ ট্রাইব্যুনালের
সিরাজের জন্য ফাঁসি অথবা ফায়ারিং স্কোয়াড

যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

এ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আনোয়ারুল হকও এ সময় উপস্থিত ছিলেন।

রায়ে বলা হয়, আসামি সিরাজের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আর আকরাম দোষী সাব্যস্ত হয়েছেন তিনটি অভিযোগের মধ্যে একটিতে।

ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে, অথবা গুলি করে সিরাজ মাস্টারের দণ্ড কার্যকর করতে বলেছে ট্রাইব্যুনাল। আর আকরামকে স্বাভাবিক মৃত্যুর আগ পর্যন্ত কাটাতে হবে জেলখানায়।

সিরাজ মাস্টারের পাঁচ অপরাধকে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে বিচারক বলেন, “এই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের হিংস্রতা মৌল মানবিকতার ভয়ানক লঙ্ঘন।”

‘সুনির্দিষ্ট পরিকল্পনা ও ছক কষে’ সিরাজ মাস্টার যেভাবে ভয়ঙ্কর সব ঘটনা ঘটিয়েছেন, তা তার অপরাধের বিস্তারকে ‘চরম  পর্যায়ে’ নিয়ে গেছে বলেও রায়ে উল্লেখ করা হয়।

সাজা শোনার পর কাঠগড়ায় দাঁড়ানো সিরাজ বলে উঠেন- “আল্লাহু আকবার, আল্লাহু আকবার।”

একটু থেমে তাকে আবার বলতে শোনা যায়, “ইন্না লিল্লাহি… রাজেউন।”

আর রায়ের শুরু থেকে বেশিরভাগ সময় নিচের দিকে তাকিয়ে থাকা আকরামের মধ্যে সাজা ঘোষণার পরও তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুই আসামির আইনজীবীই আপিল করার কথা বলেছেন। অন্যদিকে প্রসিকিউশনের আইনজীবীরা এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

এ মামলার সাক্ষী বাগেরহাট সদর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মোস্তাফিজুর রহমান বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কসাই সিরাজের ফঁসির আদেশে আমরা খুশি, কিন্তু আকরাম হোসেনেরও ফাঁসি হওয়া উচিৎ ছিল।”

সিরাজুল হক ও খান আকরাম হোসেনের সঙ্গে এ মামলায় আব্দুল লতিফ তালুকদার (৭৫) নামে আরেক রাজাকার সদস্য অভিযুক্ত হন। কিন্তু রায়ের আগেই গত ২৭ জুলাই বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যু হওয়ায় তার নাম মামলা থেকে বাদ দেওয়া হয়।

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার দাবির বিরোধিতা করে দখলদার পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করতে রাজাকার বাহিনীতে যোগ দেন এ মামলার আসামিরা।

খুলনার আনসার ক্যাম্পে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে প্রশিক্ষণ নিয়ে তারা অন্যান্য রাজাকার সদস্যদের সঙ্গে বাগেরহাটের সদর, কচুয়া, মোড়েলগঞ্জ ও রামপাল থানার বিভিন্ন গ্রামে যেসব মানবতাবিরোধী অপরাধ চালান, তার বিবরণ এ মামলার বিচারে উঠে এসেছে।

এ পর্যন্ত রায় আসা ২১টি মামলার ২৪ আসামির মধ্যে সিরাজকে নিয়ে মোট ১৬ যুদ্ধাপরাধীর সর্বোচ্চ সাজার আদেশ হল।

রায়

এ মামলার সাতটি অভিযোগের মধ্যে প্রথম ছয়টিতে সিরাজের বিচার চলে। এর মধ্যে ১ থেকে ৫ নম্বর অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত।

রঞ্জিতপুর গ্রামে ৪০-৫০ জন হিন্দুকে হত্যা; ডাকরার কালী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের ছয় থেকে সাতশ জনকে হত্যা; বেসরগাতী, কান্দাপাড়া গ্রাম ও কান্দাপাড়া বাজার থেকে অপহরণের পর নির্যাতন চালিয়ে ১৯ জনকে হত্যা; সদর থানার চুলকাঠি গ্রাম, চুলকাঠি বাজার ও গণশেমপুর থেকে সাতজনকে অপহরণের পর নির্যাতন চালিয়ে হত্যা এবং কচুয়া থানার শাঁখারিকাঠি হাটে ৪২ জনকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রায়ে বলা হয়, “এ ধরনের অপরাধ করেও কোনো পর্যায়ে তার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। মৃত্যুদণ্ডের চেয়ে কম দণ্ড দেওয়ার কোনো কারণ আমরা খুঁজে পাইনি।”

আকরামের অপরাধের বিচার হয়েছে ৫ , ৬ ও ৭ নম্বর অভিযোগে। এর মধ্যে প্রথম দুটি ঘটনায় সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছে আদালত।

আর ৭ নম্বর অভিযোগে মোড়েলগঞ্জ থানার তেলিগাতীতে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে আটকের পর নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে আকরামকে।

রায়ের জন্য সকাল সাড়ে ৮টার পর এ দুই যুদ্ধাপরাধীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। ১১টার পর তাদের কাঠগড়ায় তুলে আদালত রায় পড়া শুরু করে  

বিচারক ১৩৩ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত সার পড়ে শোনানোর সময় সাদা পাঞ্জাবি-পায়জামা ও টুপি পরিহিত সিরাজ এবং ছাই রঙের পাঞ্জাবি পরিহিত আকরামকে অনেকটাই ভাবলেশহীন দেখা যায়।

ট্রাইব্যুনালে সিরাজের পক্ষে এ মামলা লড়েন রাষ্ট্রের খরচে নিয়োগ করা একজন আইনজীবী। সিরাজ মাস্টারের পরিবারের কোনো সদস্যকে রায়ের সময় আদালতে দেখা যায়নি। খান আকরামের কয়েকজন আত্মীয়কে দেখা গেলেও তারা সুনির্দিষ্ট পরিচয় প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেন।

রায়ের পর দুপুরে প্রিজন ভ্যানে তুলে দণ্ডিত দুই যুদ্ধাপরাধীকে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। নিয়ম অনুযায়ী এক মাসের মধ্যে সর্বোচ্চ আদালতে আপিলের সুযোগ পাবেন তারা।

প্রতিক্রিয়া

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিরাজের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আবুল হাসান বলেন, “আমরা এই রায়ে সংক্ষুব্ধ, উচ্চ আদালতে আপিল করা হবে।”

আপিল করতে হলে সিরাজকে এখন একজন আইনজীবী নিয়োগ দিতে হবে। আইনজীবী নিয়োগের সামর্থ্য না থাকার কথা বলায় তার পক্ষে ট্রাইব্যুনালে মামলা লড়ার জন্য রাষ্ট্রের খরচে আবুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছিল।

খান আকরামের আইনজীবী এম সারওয়ার হোসাইন বলেন, “তিনটি অভিযোগের মধ্যে দুটিতে আমরা ন্যায় বিচার পেয়েছি। আরেকটিতে ন্যায়বিচার পাইনি। আশা করি আপিলে ন্যায়বিচার পাব।”

অন্যদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে প্রসিকিউটর হায়দার আলী সাংবাদিকদের বলেন, “মুক্তিযুদ্ধের সময় সিরাজ মাস্টার এতটাই তৎপরতার সঙ্গে মানুষ হত্যা করেছে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না।”

আরেক প্রসিকিউটর সৈয়দ সাইয়্যেদুল হক সুমন বলেন, “বিজয়ের পরে উনি (সিরাজ) গ্রেপ্তার হলে তাকে দেখার জন্য টিকিটের ব্যবস্থা করা হয়। এবং এরপরও ভিড় সামাল দিতে না পেরে মুক্তিযোদ্ধারা তাকে পুলিশে হস্তান্তর করে। এ রকম একজন ভয়ঙ্কর খুনির মৃত্যুদণ্ড হওয়ায় আমরা আনন্দিত।”

রায়ের পর সিরাজ ও আকরামের জেলা বাগরহাটের মানুষ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছে। আনন্দ মিছিলের পাশাপাশি হয়েছে মিষ্টি বিতরণ। 

সংসদ সদস্য মোজাম্মেল হোসেন ও মীর শওকাত আলী বাদশাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মুক্তিযোদ্ধাদের আয়োজিত এই মিছিলে অংশ নেন।

দুপুরে গোটাপাড়ায় সিরাজ মাস্টারের বাড়ি গিয়ে সেখানে পরিবারের কাউকে পাওয়া না গেলেও দূর সম্পর্কের চাচি নুরজাহান বেগমের (৭২) সঙ্গে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, “রাজাকার সিরাজ একাত্তরে আমাকেও মারতে চাইছিল। পাশের বাড়ির এক মহিলা আমাকে কাঠের ঘরে ‘দাইরের’ ভিতরে (জ্বালানির জন্য চেরাই করা কাঠ) চাপা দিয়া রাখছিল।... আরেকদিন সিরাজের হাত থেকে বাঁচতি নদীতে জাইয়ে নাক সমন পানিতে ডুইবে থাকে প্রাণ বাঁচাই।”

‘মাস্টার’ থেকে ‘কসাই’ সিরাজ

বাগেরহাট সদরের মির্জাপুর গ্রামের গোটাপাড়া গ্রামের হারেজউদ্দিন শেখ ও সালেহা বেগমের ছেলে শেখ সিরাজুল হককে স্থানীয় বাসিন্দারা একসময় চিনতেন সিরাজ মাস্টার নামে। একাত্তরে বেয়নেট দিয়ে গলা কেটে বহু মানুষকে হত্যার কারণে তার নাম হয় ‘কসাই সিরাজ’।

১৯৪২ সালে জন্ম নেয়া সিরাজ বিএ পাস করার পর বাগেরহাটের সায়েড়া মধুদিয়া কলেজিয়েট স্কুলে শিক্ষকতা শুরু করেন। পরে তিনি খুলনার মাল্টিলেটারাল হাই স্কুলে যোগ দেন এবং মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত সেখানেই চাকরি করেন।  

মামলার নথি অনুযায়ী, মুসলীম লীগের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন বা এনএসএফ-এর মধ্য দিয়ে রাজনীতিতে আসা সিরাজ পরে মূল দলেও সক্রিয় হন।

মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি রাজাকার বাহিনীতে যোগ দেন এবং ওই সশস্ত্র বাহিনীর বাগেরহাট অঞ্চলের উপ প্রধানের দায়িত্ব পান। জেলার বিভিন্ন স্থানে রাজাকার বাহিনীর সঙ্গে বিভিন্ন যুদ্ধাপরাধে অংশ নেন তিনি।  

গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী, মুক্তিযুদ্ধের সময় সিরাজ মাস্টার রাজাকার বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা জামায়াতে ইসলামীর নায়েবে আমির একেএম ইউসুফের ‘বাঁ হাত’ হিসেবে পরিচিত ছিলেন।যুদ্ধাপরাধে অভিযুক্ত ইউসুফ মামলার বিচার চলাকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিমের দেওয়া তথ্য অনুযায়ী, দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধারা কসাই সিরাজকে ধরে এনে বাগেরহাট শহরের একটি স্কুলে আটকে রাখে। খবর পেয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ তাকে দেখতে আসে। পরে দীর্ঘদিন তিনি কারাগারে ছিলেন।

বাংলাদেশ স্বাধীন হওয়ার ত্রিশ বছর পর ২০০১ সালে সিরাজ যোগ দেন বিএনপিতে। ২০০৬ সাল পর্যন্ত তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন।

কৈশোরেই যুদ্ধাপরাধী আকরাম

জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, খান আকরাম হোসেনের জন্ম ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর, বাগেরহাটের মোড়েলগঞ্জের দৈবজ্ঞহাটি গ্রামে। বাবার নাম জয়নাল আবেদীন খান, আর মা জুলেখা বেগম। 

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে অনুষ্ঠিত প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন আকরাম। এরপর ভোল পাল্টে সরকারি চাকরিও জুটিয়ে ফেলেন।

কিশোর বয়সে যুদ্ধাপরাধে অংশ নেওয়া আকরাম কৃষি বিভাগের মেকানিক হিসেবে ২০১১ সালে অবসরে যান।    

সিরাজ মাস্টারের মত আকরামও একাত্তরে রাজাকার বাহিনীতে যোগ দেন এবং বাগেরহাট অঞ্চলে পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় নানা ধরনের মানবতাবিরোধী অপরাধে অংশ নেন। 

যে তিনটি ঘটনায় আকরামকে ট্রাইব্যুনালে অভিযুক্ত করা হয়, তার প্রতিটি ঘটনাতেই সঙ্গে ছিলেন বাগেরহাটের আরেক রাজাকার সদস্য লতিফ তালুকদার।

রায়ের আগে মৃত্যু হওয়ায় চার দশক আগের করা অপরাধের সাজা তার আর জেনে যাওয়া হয়নি।  

পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করা লতিফ ১৯৮৫ সালে কুচয়া থানার রাড়িপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও হয়েছিলেন। সে সময় তিনি ছিলেন জাতীয় পার্টির একজন স্থানীয় নেতা। ১৯৯০ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন বলে মামলার নথি থেকে জানা যায়।

লতিফ তালুকদার বাগেরহাটের কচুয়া থানার শোলারকোলা গ্রামের জেন্দের আলী তালুকদার ও সামর্তমান বিবির ছেলে।  

মামলার আদ্যোপান্ত

মুক্তিযুদ্ধ চলাকালে বাগেরহাটের কচুয়ার শাঁখারীকাঠি বাজারে ৪২ জনকে গণহত্যা, ধর্ষণ ও বাড়িতে অগ্নিসংযোগসহ ছয়টি অভিযোগে ২০০৯ সালে সিরাজ মাস্টারসহ ১২ জনের বিরুদ্ধে একটি মামলা হয়।

ওই গণহত্যায় নিহত রঘুদত্তকাঠি গ্রামের শহীদ জিতেন্দ্র নাথ দাসের ছেলে নিমাই চন্দ্র দাস কচুয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি পরে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

গতবছর ১০ জুন ট্রাইব্যুনাল তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পরদিন লতিফ তালুকদারকে গ্রেপ্তার করে কচুয়া থানা পুলিশ। এরপর ১৯ জুন আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয় রাজশাহী থেকে। ২০ জুলাই গ্রেপ্তার হন সিরাজ মাস্টার।

প্রসিকিউশনের তদন্ত দল গতবছর ২৫ অগাস্ট এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার পর ৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়।

এরপর গতবছর ৫ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় সিরাজ, আকরাম, লতিফের যুদ্ধাপরাধের বিচার। ২ ডিসেম্বর প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে আদালত সাক্ষ্যগ্রহণ শুরু করে।

২ ডিসেম্বর থেকে গত ২৪ মার্চ পর্যন্ত সিরাজ, লতিফ ও আকরামের বিরুদ্ধে এ মামলার তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনসহ মোট ৩২ জন সাক্ষ্য দেন।

এরপর গত ৬, ৭ ও ২১ এপ্রিল আসামিদের পক্ষে পাঁচজন সাফাই সাক্ষ্য দেন। এরা হলেন- মো.আমজাদ শেখ, সরদার আব্দুল মান্নান, আব্দুর রশিদ মল্লিক, ইউসুফ আলী দিহিদার ও মো. ফেরদৌস খান।

১৫ জুন প্রসিকিউটর সৈয়দ সাইয়্যেদুল হক সুমন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। আসামি লতিফ তালুকদার অসুস্থ হয়ে পড়লে যুক্তিতর্ক স্থগিত করে আদালত। পরে ১৭ জুন সুমন যুক্তি উপস্থাপন শেষ করেন।

আসামি আব্দুল লতিফ তালুকদার ও আকরাম হোসেন খানের আইনজীবী ব্যারিস্টার এম সারওয়ার হোসেন যুক্তি উপস্থাপন করেন ১৮ জুন। ২১ জুন যুক্তি উপস্থাপন করেন সিরাজ মাস্টারের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান। এই আসামি আর্থিক অসঙ্গতির কথা বলায় আদালত তার মামলা লড়তে আইনজীবী নিয়োগ দেয়।

দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় মামলাটি রায়ের পর্যায়ে আসে।

রায়ের আগেই গত ২৭ জুলাই বার্ধক্যজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৭৫ বছর বয়সী লতিফের। এরপর গত ৫ অগাস্ট এ মামলা থেকে তার নাম বাদ দিয়ে ট্রাইব্যুনাল রায়ের দিন ঠিক করে দেয়।