বিমান চলাচলে বাংলাদেশ-কানাডার চুক্তিতে মন্ত্রিসভার সায়
যাত্রী ও পণ্যবাহী বিমান চলাচলে বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে একটি চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, “এই চুক্তি স্বাক্ষরের ফলে কানাডা ও বাংলাদেশের মধ্যে বিমানে যাত্রী ও পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হবে। দুই দেশই তাদের এয়ারলাইন্সকে (বিমান সংস্থা) ডেজিগনেট করতে পারবে, মনোনয়ন দিতে পারবে। যাদের মনোনয়ন দেওয়া হবে তাদের বলা হবে মনোনীত বিমান সংস্থা।”
তবে কতটি এয়ারলাইন্সকে মনোনয়ন দেওয়া যাবে তা বেধে দেওয়া হয়নি বলে জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “পারস্পারিক সমঝোতার ভিত্তিতে এই সংখ্যা নির্ধারিত হবে। এ বিষয়ে পরস্পর একমত হলেই হবে।
তবে সপ্তাহে তিনটি প্যাসেঞ্জার ও তিনটি কার্গো (পণ্যবাহী) ফ্লাইট চলাচল করতে পারবে; এক্ষেত্রে দুই দেশই একই রকম সুবিধা পাবে।
মোশাররাফ হোসাইন জানান, এই চুক্তি অনুযায়ী মাঝপথে বিমানের ৩০ শতাংশ প্যাসেঞ্জার নেওয়া যাবে। কার্গো ফ্লাইটের ক্ষেত্রেও একই নিয়ম। ইউরোপ ও আমেরিকায় পয়েন্ট নির্ধারণ করে যে কোন মধ্যবর্তী ও দূরবর্তী পয়েন্ট থেকে কার্গো ফ্লাইট পরিচালনা করা যাবে।
বাংলাদেশে এ চুক্তি পালনের কর্তৃপক্ষ হচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন সিভিল এভিয়েশেন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) ও কানাডায় কানাডিয়ান ট্রান্সপোর্টেশন এজেন্সি।
