২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়েছে মুফতি ইজাহারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

সাক্ষী হাজির না হওয়ায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 06:32 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

সোমবার বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটির সাক্ষ্যগ্রহণের ধার্য দিনে তা না হওয়ায় আগামী বুধবার নতুন দিন ঠিক করেছেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আইয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার পুলিশের উপ-পরিদর্শক মো. হেলালের সাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিল।

“বিষয়টি তাকে জানিয়েছিলাম। তবে তিনি আসেননি। কেন আসেননি, তা বলতে পারছি না।”

মুফতি ইজাহারের পক্ষে আদালতে চারটি বিষয়ে আবেদন করা হয়েছে জানিয়ে তার আইনজীবী আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে একা না রেখে অন্য আসামিদের সঙ্গে একটি সেলে রাখতে এবং চিকিৎসার ব্যবস্থা করার আবেদন করেছি। পাশাপাশি তার জামিন আবেদন এবং মামলায় ইতোপূর্বে সাক্ষ্য দেওয়া পাঁচ জনের মধ্যে দুই জনকে পুনঃজেরার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।”

চারটি বিষয়েই মঙ্গলবার শুনানির জন্য সময় নির্ধারণ করেছেন আদালত বলে জানান তিনি।

একই মামলায় মুফতি ইজাহারের ছেলে মুফতি হারুন ইজাহার গ্রেপ্তারের পর এখন কারাগারে আছেন।

গত ৮ অগাস্ট দুপুরে জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে (লালখান বাজার মাদ্রাসা) প্রতিষ্ঠানটির পরিচালক মুফতি ইজাহারকে গ্রেপ্তার করে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ।

২০১৩ সালের ৭ অক্টোবর মুফতি ইজাহার পরিচালিত লালখান বাজার মাদ্রাসার ছাত্রাবাস দারুল ইফতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।

ওই ঘটনার পর থেকে পলাতক ছিলেন মুফতি ইজাহার। এই ঘটনায় হত্যা, বিষ্ফোরণ ও অভিযানে তার বাসা থেকে এসিড উদ্ধারের ঘটনায় তিনটি পৃথক মামলা করে পুলিশ।

প্রত্যেকটি মামলায় মুফতি ইজাহার, তার ছেলে হারুণ ইজাহার, মাদ্রাসার তিন শিক্ষক ও দুই শিক্ষার্থীসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।