২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে ধর্ষণকারীর যাবজ্জীবন

গাজীপুরের কালীগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 04:43 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।

সোমবার গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ রায় দেন।

দণ্ডিত মো. সোহেল খান (২৪) কালীগঞ্জ উপজেলার আজমতপুর দক্ষিণপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিশেষ পিপি শাহজাহান জানান, ২০১৩ সালের ২ জুলাই রাত ১০টার দিকে বাবা-মা ও ভাইয়ের সঙ্গে ওই শিশুও (৮) ঘুমিয়ে পড়ে।

“রাত আড়াইটার দিকে প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের দরজা খুলে সবাই ঘরের বাইরে যায়। ১৫-২০মিনিট পর তারা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।

“এ ফাঁকে প্রতিবেশী সোহেল ঘরে ঢুকে লুকিয়েছিল, কিন্তু কেউ টের পায়নি। 

“পরে সবাই আবার ঘুমিয়ে পড়লে সোহেল ওই মেয়েটিকে তুলে বাড়ির পাশে নিয়ে ধর্ষণ করে।”

শাহজাহান বলেন, ওই সময় শিশুর চিৎকার শুনে তার দাদা এগিয়ে গেলে সোহেল খান পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করলে পুলিশ সোহেল খানকে গ্রেপ্তার করে বলে জানান পিপি শাহজাহান।

তিনি জানান, কালীগঞ্জ থানার এসআই ইয়াসিন আলী সোহেল খানের বিরুদ্ধে ওই বছরের ২ অক্টোবর অভিযোগপত্র দেন।

এ মামলায় ৯ জন সাক্ষ্য প্রদান করেন বলে জানান তিনি।