নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু
নীলফামারী সদরে বিদ্যুৎ চালিত সেচ পাম্পের ছেঁড়া তারে জড়িয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
সোমবার উপজেলার চড়াইখোলা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা।
মৃতরা হলেন- ওই গ্রামের মকবুল হোসেন (৬০) ও ছেলে মনোয়ার হোসেন (৩৫)।
ওসি বলেন, সকালে মনোয়ার আমন ক্ষেতে সেচ দেওয়ার জন্য বিদ্যুৎ চালিত সেচপাম্প চালু করার জন্য গেলে সেখানে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হন। এ সময় তাকে বাঁচাতে বাবা মকবুল হোসেন এগিয়ে আসলে তিনিও বিদ্যুতায়িত হন।
“আশপাশের কৃষি শ্রমিকরা তাদের উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।
