২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

পাঁচ বছর আগে বাগেরহাটে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে তার ছেলের ফাঁসির রায় দিয়েছে আদালত। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 12:18 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

বাগেরহাটের জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান সোমবার এ রায় দেন।

দণ্ডিত মো. বাদশা গাজী (৪৫) মামলার শুরু থেকেই পলাতক বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আলী জানান।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালে ৯ ফেব্রুয়রি সকলে বাদশা গাজীকে বাজার থেকে ওষুধ আনতে বলেন তার অসুস্থ বাবা মোতাহার গাজী।

দুপুরে বাদশা ওষুধ না নিয়ে বাড়ি ফিরে এলে মোতাহার ছেলেকে বকাবকি করেন। এক পর্যায়ে বাবার উপর ক্ষিপ্ত হয়ে বাদশা দা দিয়ে বাবা মোতাহারের মাথায় কোপ দেন।

গুরুতর আহত অবস্থায় পরিবারের অন্য সদস্যরা তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় মোতাহার গাজীর ছোট ছলে আব্দুল হক গাজী বাদী হয়ে বড় ভাই বাদশা গাজীর বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোরেলগঞ্জ থানার তৎকালীন এসআই গৌতম হালদার ২০১০ সালের ২৯ জুন বাদশা গাজীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

বিচারকালে আদালত নয় জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।