২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে পাঠানো হল মুফতি ইজাহারকে

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 06:02 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

শনিবার চট্টগ্রামের মহানগর হাকিম আবদুল কাদেরের আদালতে তাকে হাজির করা হলে আদালত এ আদেশ দেয়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী আবদুচ ছাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটিতে মুফতি ইজাহারকে আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

“মামলাটি বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। ওই মামলায় ইতোমধ্যে পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। আমরা সাক্ষীদের পুনঃজেরা করার আবেদন জানাব। আগামী ১০ অগাস্ট মামলাটির ধার্য তারিখে তার জামিনের আবেদন করা হবে।”

ওই মামলায় মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর ছেলে মুফতি হারুন ইজাহার গ্রেপ্তারের পর এখন কারাগারে আছেন।

গত শুক্রবার দুপুরে তার পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে (লালখান বাজার মাদ্রাসা) মুফতি ইজাহারকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।

২০১৩ সালের ৭ অক্টোবর মুফতি ইজাহার পরিচালিত লালখান বাজার মাদ্রাসার ছাত্রাবাস দারুল ইফতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে ওই বিস্ফোরণে তিন জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।

এই ঘটনায় হত্যা, বিস্ফোরণ ও বাসা থেকে এসিড উদ্ধারের ঘটনায় তিনটি পৃথক মামলা করে পুলিশ।

তবে ঘটনার পর থেকে পলাতক ছিলেন মুফতি ইজাহার।

প্রতিটি মামলায় মুফতি ইজাহার, তার ছেলে হারুণ ইজাহার, মাদ্রাসার তিন শিক্ষক ও দুই শিক্ষার্থীসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

ঘটনার দিন সকালে ওই বিস্ফোরণের পর বিকাল পর্যন্ত মাদ্রাসায় নিজের কক্ষে অবস্থান করে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বললেও পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে পারেনি।

পুরনো খবর:

হেফাজত নেতা মুফতি ইজাহার গ্রেপ্তার