২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজত নেতা মুফতি ইজাহার গ্রেপ্তার

চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণ মামলার আসামি হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 03:29 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

পুরনো খবর:

বিস্ফোরণ: এক বছরেও গ্রেপ্তার হননি মুফতি ইজাহার
মুফতি হারুণ ফের কারাগারে

শুক্রবার দুপুরে লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রসার ফটক থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এস এম তানভীর আরাফাত জানান।  

হেফাজত নেতা মুফতি ইজাহার নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ওই মাদ্রাসার অধ্যক্ষ। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় তার দল বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল।

তানভীর আরাফাত বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মাদ্রাসায় অভিযান চালিয়ে মুফতি ইজাহারকে গ্রেপ্তার করা হয়।”

২০১৩ সালের ৭ অক্টোবর ওই মাদ্রাসায় বোমা বিস্ফোরণের পর থেকে মুফতি ইজাহার পলাতক ছিলেন বলে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কুসুম দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

ইজাহারের ছেলে হারুণও হেফাজতে ইসলামের নেতা। কয়েকটি মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

Image
হেফাজত নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী পরিচালিত চট্টগ্রামের লালখান বাজার এলাকায় জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসে সোমবার বিস্ফোরণে পুড়ে যাওয়া একটি কক্ষ। ছবি: সুমন বাবু/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হেফাজত নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী পরিচালিত চট্টগ্রামের লালখান বাজার এলাকায় জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসে সোমবার বিস্ফোরণে পুড়ে যাওয়া একটি কক্ষ। ছবি: সুমন বাবু/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ওই দিন মাদ্রাসার ছাত্রবাসে বোমা বানানোর সময় বিস্ফোরণে তিনজন নিহত হন। পরে সেখানে অভিযান চালিয়ে চারটি তাজা গ্রেনেড, ১৮ বোতল পিকরিক এসিডসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় পুলিশ নগরীর খুলশী থানায় হত্যা, বিস্ফোরক ও এসিড আইনে তিনটি মামলা করে। এ সময় মামলায় মুফতি ইজাহার, হারুণ এবং মাদ্রাসার তিন শিক্ষক ও দুই শিক্ষার্থীসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

ইজহারের ছেলে মুফতি হারুণ ছিলেন ওই ছাত্রবাসের দায়িত্বে। বিস্ফোরণের দুই দিন পর হাটহাজারি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

চলতি বছর জানুয়ারিতে হারুণ তিন মামলায় জামিনে মুক্তি পেলেও অন্য মামলায় তাকে আবারও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

আর হারুণের বাবা ইজাহারকে এর আগে ২০১০ সালের ১৩ ডিসেম্বর একবার জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করেছিল র‌্যাব। পরে তিনি জামিনে ছাড়া পেয়ে যান।