২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু হত্যা-নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ

দেশের বিভিন্ন স্থানে শিশু নির্যাতন ও হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 10:45 PM

Updated : 22 Aug 2022, 12:57 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১৫তম বৈঠকে এই সুপারিশ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, কমিটি সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে শিশু হত্যা ও নির্যাতনকারীদের সনাক্ত করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে।  

নির্যাতিত, অসহায় ও ধর্ষিত নারীদের ন্যায়বিচার নিশ্চিতে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বলেছে সংসদীয় কমিটি।

কোথাও নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে কমিটি।

এছাড়া দেশের এতিমখানাগুলোতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা চালুর জন্যও মন্ত্রণালয়কে বলা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

“যৌতুক প্রথা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা তৈরি এবং নারীদের স্বাবলম্বী করতে মানসম্মত শিক্ষা নিশ্চিত ও নতুন নতুন সৃষ্টিশীল কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করার কথাও সুপারিশে বলা হয়।”

কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মোছা. মাহাবুব আরা বেগম গিনি, নাসরিন জাহান রত্না, মনোয়ারা বেগম ও ফজিলাতুন নেসা উপস্থিত ছিলেন।