২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে ত্রাণ সহায়তা পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

মিয়ানমারের বন্যা দুর্গতদের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 12:56 AM

Updated : 12 Oct 2022, 04:07 PM

বুধবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, “দ্রুততম সময়ের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জরুরি ত্রাণ সহায়তা ইয়াঙ্গুনে নিয়ে যাবে।”

Image
ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

ত্রাণ সহায়তার মধ্যে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, কম্বল ও তাঁবু রয়েছে।

মৌসুমী বৃষ্টিতে গত সপ্তাহে মিয়ানমারে বন্যায় আড়াই লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এবং এ পর্যন্ত  ৬৯ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় জানিয়েছে।

ভারী বৃষ্টিতে হাজারো মানুষ বাস্তুচ্যুৎ হওয়ার পাশাপাশি বিস্তীর্ণ ধানী জমি প্লাবিত এবং বাঁধ ভাঙার ঝুঁকি দেখা দেওয়ায় দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

রোহিঙ্গাদের নিয়ে দীর্ঘ দিন ধরে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলে এলেও মানবিক সংকটের সময় মিয়ানমারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ।

মিয়ানমারের রাখাইন স্টেটে সাম্প্রদায়িক সহিংসতা থেকে পালিয়ে আসা কয়েক লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে আছেন। ঢাকার পক্ষ থেকে তাদের ফিরিয়ে নিতে বলা হলেও তাতে সাড়া দেয়নি মিয়ানমার। রাখাইনের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের নিজেদের নাগরিক বলে স্বীকৃতি দিতেও নারাজ মিয়ানমার সরকার।