বুড়িগঙ্গা সেতু থেকে অবরোধ উঠল
টোল নিয়ে আপত্তি জানিয়ে রাজধানীর পোস্তগোলায় বুড়িগঙ্গা সেতুতে অবরোধকারী অটোরিকশা চালক-মালিকরা পাঁচ দিন পর কর্মসূচি তুলে নিয়েছে।
বুধবার সন্ধ্যায় অবরোধ প্রত্যাহার করে নিয়ে আন্দোলনকারীরা বলেছে, নতুন টোল হার কার্যকর হবে না বলে আশ্বাস পাওয়ার পর তারা এই পদক্ষেপ নিয়েছেন।
শ্যামপুর থানার ওসি আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ৯ অগাস্ট পর্যন্ত পুরনো নিয়মে টোল নেওয়া হবে। ওই দিনই জানানো হবে এই ব্রিজে টোল পদ্ধতি থাকবে কি না।”
এই সেতুতে ট্রাকের জন্য ৩০ টাকা এবং প্রাইভেটকারের জন্য ২০ টাকা টোল থাকলেও রিকশা, অটোরিকশা, মোটর সাইকেলে কোনো টোল ছিল না।
সম্প্রতি রিকশা, অটোরিকশা, মোটর সাইকেলে টোল ধার্য করা হলে তা প্রত্যাহারের দাবিতে গত ১ অগাস্ট থেকে অবরোধ কর্মসূচি শুরু হয়।
ওসি জানান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা ও সানজিদা খাতুনের আশ্বাসে অবরোধ তুলে নেয় অটোরিকশা চালক-মালিকরা।
সন্ধ্যা ৭টার পর এই সেতু দিয়ে গাড়ি পুরোদমে চলছে বলে জানান তিনি।
